আ্যলেনবাই ব্রিজ , জর্ডান , জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ র্যাচেল কোরির সাত ত্রাণ কর্মীকে রোববার জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল। এএফপির জর্ডান সীমান্ত প্রতিনিধি একথা জানিয়েছেন।
কিউবার এক ও মালয়েশিয়ার ছয় নাগরিক অ্যালেনবাই ব্রিজ সীমান্ত পার হয়ে জর্ডানে প্রবেশ করেন এবং জর্ডানের কর্মকর্তারা সেখানে তাদের অভ্যর্থনা জানান।
মালয়েশিয়ার নাগরিকদের মধ্যে পার্লামেন্ট সদস্য মো. নিজার জাকারিয়া, টিভিথ্রি টেলিভিশনের দুই সাংবাদিক এবং পারদানা গ্লোবাল পিস অর্গানাইজেশনের তিন মানবাধিকার কর্মী রয়েছেন।
মানবাধিকারকর্মী মাত্তিয়াস চ্যাং এএফপিকে বলেন, "আমরা খুবই আশাহত কারণ আমাদের মূখ্য উদ্দেশ্য ছিলো গাজায় পৌঁছানো। তবে আমাদের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত যে, আমরা আশা ও শান্তির বার্তা নিয়ে এসেছি।"
ইসরায়েলি সেনাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "তারা আমাদের ওপর বল প্রয়োগ করেনি। আমাদের ওপর বল প্রয়োগের কোনো প্রয়োজন ছিলো না।"
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পারদানা সংস্থার সভাপতি বলে তিনি জানান।
চ্যাং বলেন, " সংস্থার পক্ষ থেকে আমরা আবারো গাজায় যাওয়ার চেষ্টা করবো।"
তিনি বলেন, "আমরা থামবো না। গাজায় ত্রাণ নিতে ও ইসরায়েলি অবরোধ ভাঙতে আমরা আরো অভিযান চালাবো।"
এ সহিংসতা বন্ধ করতে ইসরায়েল ও ফিলিস্তিনের সবার এগিয়ে আসা উচিত বলেও জানান তিনি।
র্যাচেল কোরির অন্য এগারো ত্রাণ কর্মীকে তেল আবিবের বেন গুইরিওন আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশে ফেরত পাঠানো হবে।
এর আগে ইসরায়েলি অভিবাসন সংস্থার এক মুখপাত্র জানান, মানবাধিকার কর্মীদের দলে আছেন নোবেল জয়ী মেইরিড মাগুইরিসহ ছয় মালয়েশিয়ান ও পাঁচ আইরিশ নাগরিক।
শনিবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবরুদ্ধ গাজাভিমুখে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাচেল কোরির গতিপথ পরিবর্তন করে জাহাজটিকে ইসরায়েলের আশোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌ সেনারা।
তবে এক্ষেত্রে ছয় দিন আগের রক্তক্ষয়ী সংঘর্ষে নয়জন নিহত হওয়ার মতো কোনো সহিংসতা হয়নি ।
গত সোমবার গাজা অভিমুখে ত্রাণবাহী তুর্কি জাহাজ মাভি মারমারায় হামলা চালিয়ে ৯ ত্রাণ কর্মীকে হত্যা করে ইসরায়েলি নৌ সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৯০০ ঘ.
bdnews24