কিনশাসা , জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- মানবাধিকারকর্মী ফ্লোরিবার্ট চিবেয়া হত্যার ঘটনায় কঙ্গোর পুলিশ প্রধানকে বরখাস্ত এবং ঐ বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রোববার একথা জানিয়েছেন।
কঙ্গোর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রী এডলোফ লুমানু বলেন, "প্রেসিডেন্ট জোসেফ কাবিলা মানবাধিকারকর্মী চিবেয়া হত্যার সব তথ্য উদঘাটনে বদ্ধপরিকর।"
লুমানু আরো বলেন, "তদন্ত প্রকিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার রাতে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল জন নামবি কে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে কিছু পুলিশ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
মানবাধিকার গ্র"প ভয়েস অফ দ্য ভয়েসলেস (ভিএসভি) এর প্রধান ৪৭ বছর বয়সী ফ্লোরিবার্ট চিবেয়াকে বুধবার রাজধানী কিনশাসের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। চিবেয়ার মৃতদেহ তার গাড়ির পিছনের আসনে বাধা ছিলো।
গাড়ির চালকসহ চিবেয়া মঙ্গলবার দিনের শেষভাগ থেকে নিখোঁজ হন। গাড়ির চালককে এখনো খুঁজে পাওয়া যায়নি।
সে দিন পুলিশ বাহিনী প্রধানের সঙ্গে চিবেয়ার বৈঠকের কথা ছিলো বলে জানায় ভিএসভি।
অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের ৫০ টির ও বেশি মানবাধিকার সংগঠন প্রেসিডেন্ট কাবিলার কাছে এক চিঠিতে চিবেয়া হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘও শুক্রবার এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৭৫৫ ঘ.
bdnews24