আশোদ, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ত্রাণবাহী জাহাজ র্যাচেল কোরির এগারো জন ফিলিস্তিন সমর্থক মানবাধিকার কর্মীকে রোববার সকালে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল।
এর একদিন আগেই বিধিনিষেধ উপেক্ষা করে অবরুদ্ধ গাজাভিমুখে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাচেল কোরির গতিপথ পাল্টে দেয় ইসরায়েলি নৌ সেনারা।
শনিবার ইসরায়েলি সেনারা র্যাচেল কোরিকে আটক করে আশোদ বন্দরে নিয়ে আসে। তবে ছয় দিন আগের রক্তক্ষয়ী সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটেনি।
গত সোমবার গাজা অভিমুখে ত্রাণবাহী তুর্কি জাহাজ মাভি মারমারায় হামলা চালিয়ে ৯ জন মানবাধিকার কর্মীকে হত্যা করে ইসরায়েলি নৌ কমান্ডাররা।
কর্মকর্তারা জানায়, র্যাচেল কোরিতে থাকা আটজন নাবিক ও ১১ জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে রোববার যত সকালে সম্ভব বেন কুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তেলআবিবের কাছাকাছি হোলন অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি অভিবাসন সংস্থার মুখপাত্র জানান, মানবাধিকার কর্মীদের দলে আছেন নোবেল জয়ী মেইরিড মাগুইরিসহ ছয় মালয়েশিয়ান ও পাঁচ আইরিশ নাগরিক। তাদের মুক্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণ ত্রাণসামগ্রী হস্তান্তর চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন তারা। ।
তিনি বলেন, "আমরা কাগজপত্রে স্বাক্ষর করার জন্য সব যাত্রী ও নাবিকদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। অন্যথায় আইন অনুযায়ী বিচারক তাদের ভাগ্য নির্ধারণের জন্য আরও ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে।"
ইসরায়েলি সেনারা জানায়, ২০০৩ সালে ফিলিস্তিনি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার সময় ইসরায়েলি বুলডোজারকে বাধা দিয়ে মার্কিন মানবাধিকার কর্মী মারা যাওয়ার পর যে চুক্তি হয়েছিল, তার আওতায়ই সেনারা র্যাচেল কোরিতে উঠেছিল।
এক মুখপাত্র এএফপিকে বলেন, "আমাদের বাহিনী র্যাচেল কোরিতে উঠে এর নিয়ন্ত্রণ নিয়েছে। কোনও ধরনের প্রতিরোধ কিংবা সহিংসতার মুখে তাদের পড়তে হয়নি।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযানের প্রশংসা করেন।
টানা তিন বছর অবরুদ্ধ গাজার উদ্দেশে শুক্রবার ১৫ জনের ত্রাণবাহী জাহাজটি যাত্রা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩০২ ঘ.
bdnews24