২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা

ইসরায়েলি নৌ সেনারা শনিবার অবরুদ্ধ গাজা অভিমমুখী ত্রাণবাহী জাহাজ র‌্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

জেরুজালেম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি নৌ সেনারা শনিবার অবরুদ্ধ গাজা অভিমমুখী ত্রাণবাহী জাহাজ র‌্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এক্ষেত্রে কোনো সহিংসতা ঘটেনি বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রাথমিকভাবে পাওয়া তথ্যে, কোনো সংঘর্ষ ছাড়াই সেনারা র‌্যাচেল কোরির নিয়ন্ত্রণ নিয়েছে । জাহাজের নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন পড়েনি এবং কোনো গোলাগুলির ঘটনাও ঘটেনি।" এর কয়েক দিন আগে অপর একটি ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে নয়জন মানবাধিকার কর্মীকে হত্যা করে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও বিক্ষোভ শুরু হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশসহ একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। নৌ সেনারা র‌্যাচেল কোরিকে গাজা অভিমুখী যাত্রাপথ পাল্টে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশোদ বন্দরে যেতে নির্দেশ দেয়। আশোদ বন্দরে জাহাজের মালামাল নামিয়ে সেগুলো পরীক্ষা করে গাজায় পাঠাতে চায় ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সেনাদের নির্দেশ প্রত্যাখ্যান করে ত্রাণবাহী জাহাজ গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখলে ইসরায়েলি সেনারা র‌্যাচেল কোরিতে আরোহণ করে তার নিয়ন্ত্রণ নেয়। টানা তিন বছর অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে শুক্রবার ১৫ জনের একটি দলসহ ত্রাণবাহী জাহাজটি যাত্রা করে। এর আগে ইসরায়েলি এক সেনামুখপাত্র জানান, "আমরা বেশ কয়েকবার জাহাজে থাকা কর্মীদের জানিয়েছি, তারা যে সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে তাতে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা আমাদের আবেদন উপেক্ষা করে গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। ইতোপূর্বে ত্রাণবাহী জাহাজকে স্বাগত জানাতে নিয়োজিত গাজা ভিত্তিক একটি সংগঠনের মুখপাত্র আমজাদ আল শাওয়া টেলিফোনে রয়টার্সকে জানান, "গাজা থেকে ৩০-৩৫ মাইল দূরে ইসরায়েলি নৌবাহিনীর বেশ কয়েটি নৌকা র‌্যাচেল কোরিকে ঘিরে রেখেছে, যেন ত্রাণবাহী জাহাজটি গাজায় পৌঁছুতে না পারে।" স্থানীয় সময় সকাল ৫.৩৮ মিনিটে সর্বশেষ যোগাযোগে জাহাজে থাকা কর্মী জেনি গ্রাহাম গাজার সংগঠকদের জানান, তাদের জাহাজটি দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ঘিরে রেখেছে। তিনি আরো জানান, জাহাজের যন্ত্রপাতি ইসরায়েলি নৌবাহিনী নিষ্ক্রিয় করে দিয়েছে। তারা আশঙ্কা করছে, স্যাটেলাইট ফোনও শিগগিরই নৌসেনারা নিষ্ক্রিয় করে দেবে। ইসরায়েলি বেতারও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করা জাহাজটিকে মিশরীয় উপকূল থেকে প্রায় ৩৫ মাইল দূরে নৌবাহিনীর তিনটি জাহাজ ঘিরে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএমএইচ/এএইচ/২০৩৯ ঘ.