কাবুল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক আহ্বানের মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে আদিবাসী বয়োজ্যেষ্ঠদের প্রথাগত জির্গা সম্মেলন।
প্রেসিডেন্ট হামিদ কারজাই শান্তি জির্গাকে তালেবানদের সঙ্গে শান্তি স্থাপনের পরিকল্পনায় জাতীয় সমর্থন জয়ের আহ্বান জানিয়েছেন।
যে পরিকল্পনায় সাধারণ ক্ষমা ছাড়াও তালেবান যোদ্ধাদের নগদ অর্থ ও চাকরির সুবিধা দেওয়ার পাশাপাশি শীর্ষ তালেবান নেতাদের অন্য দেশে আশ্রয়েরও ব্যবস্থা করা হবে।
জির্গা সম্মেলনে অংশগ্রহণকারীরা বৃহত্তর মতৈক্যে পৌঁছেছে যে, তালেবানদের সঙ্গে শান্তি স্থাপন ছাড়া সাধারণ আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আর কোনো পথ নেই। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী কিংবা দুর্বল আফগান সেনারা জনগণের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না বলে আয়োজকরা জানান।
জির্গার মুখপাত্র গুল আঘা আহমাদি বলেন, "কমিটি তাদের আলোচনা শেষ করেছে এবং আশা করছে দিন শেষে সর্বস্মতিক্রমে তারা একটি প্রস্তাবনা ঘোষণা করবে।"
তবে ২০০১ সালে মার্কিন বাহিনীর হাতে ক্ষমতা থেকে বিতাড়িত তালেবানরা এ শান্তি প্রস্তাবে সাড়া দেবে কি-না, সে ব্যাপারে তেমন কোনও ইঙ্গিত মিলছে না।
বুধবার জির্গা সম্মেলনের উদ্বোধনী দিনে রাজধানীর পশ্চিমে বড় তাঁবুর ভিতরে কারজাই ভাষণ দেওয়ার সময় তালেবানরা রকেট হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।
তালেবানরা চাইছে, সব বিদেশি সেনা প্রত্যাহারের পরই কেবল কোনও ধরনের আলোচনা শুরু হতে পারে।
এ মুহূর্তে বিদ্রোহ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই তালেবানদের পক্ষ থেকে কোনো শান্তি প্রস্তাব গ্রহণের যৌক্তিকতা কম বলেই মনে করছে বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫১ ঘ.
bdnews24