জোহানেসবার্গ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বিশ্বকাপে কনডমসহ এইচআইভি ও এইডস বিষয়ক জনসচেতনতামূলক শিক্ষা সরঞ্জাম নিয়ে মাঠে প্রবেশ করতে দেবে না বলে ফিফার বিরুদ্ধে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকার এইডস সংগঠনগুলো।
বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থার প্রতি তারা ক্ষোভ ব্যক্ত করে বিবৃতি দেয়।
সাউদার্ন আফ্রিকান এইচআইভি ক্লিনিসিয়ানস সোসাইটিসহ আরও বেশ কয়েকটি সংগঠনের সমন্বয়ে গঠিত এইডস কনসোর্টিয়াম এক বিবৃতি জানায়, "এখন পর্যন্ত ফিফা কোনও সুশীল সমাজের সংগঠনকে এইচআইভি কিংবা স্বাস্থ্য বিষয়ক তথ্য সরবরাহের অনুমতি দেয়নি। ফিফা এখনও কোনও লিখিত নিশ্চয়তা দেয়নি যে স্টেডিয়াম ও দর্শক গ্যালারিতে কনডম বিতরণ করা যেতে পারে।"
তারা জানায়, বিশ্বের সবচেয়ে এইডস আক্রান্ত দেশ দক্ষিণ আফ্রিকাতে ফিফার নৈতিক দায় রয়েছে স্থানীয় সংগঠনের সঙ্গে একত্রে এইডসবিরোধী লড়াইয়ের অংশীদার হওয়ার।
এক হিসাব মতে, দক্ষিণ আফ্রিকার ৪ কোটি ৮০ লাখ মানুষের মধ্যে ৫৭ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। সেইসঙ্গে ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপের সময় এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে বলে ক্রমেই উদ্বেগ বাড়ছে।
গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে বড় এইডসবিরোধী কর্মসূচি চালু করেছে দেশটি। এ কর্মসূচির আওতায় এইচআইভি পজিটিভ ৮০ শতাংশ রোগীকে ওষুধ প্রদান এবং ২০১১ সালের মধ্যে এক কোটি ৫০ লাখ মানুষের এইচআইভি ভাইরাস পরীক্ষা করা হবে।
সংগঠনগুলো নতুন এ কর্মসূচিকে সমর্থন করার জন্য ফিফাকে অনুপ্রাণিত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪৩১ঘ.
bdnews24