২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে ভারত সফরের ঘোষণা ওবামার

অংশীদারিত্বের বিষয়ে সন্দেহ দূর করতে নভেম্বরে ভারত সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

ওয়াশিংটন, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অংশীদারিত্বের বিষয়ে সন্দেহ দূর করতে নভেম্বরে ভারত সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুদেশের মধ্যে প্রথম সরকারি 'কৌশলগত সংলাপ' শেষে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ২১ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব হিসেবে বিবেচিত হবে।" বৈঠকে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় আফগানিস্তান, নিরাপত্তা ও দ্রুত বিকাশমান অর্থনৈতিক সংযোগ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "শুধু মাথা নয় বরং হৃদয়ের সঙ্গে জড়িত বিষয় এটি। শুধু মাত্র চুক্তি করার ক্ষেত্র তৈরি না করে আমাদের উচিত দুদেশের মধ্যে বিদ্যমান সন্দেহ দূর করা।" তিনি বলেন, "সংলাপ ও এর মাধ্যমে আমাদের মধ্যে যে বিশ্বাস জন্মেছে তা দিয়ে আমরা সরাসরি ও সরলভাবে এসব বিষয় মোকাবিলা করতে পারব।" হিলারি ভারতকে এ বিষয়টিও আশ্বস্ত করেছেন যে আফগানিস্তানে তাদের ভূমিকাকে ওয়াশিংটন সমর্থন করে। নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী বিষয়ে জোড়ালো সহযোগিতারও অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও অবশ্য সহযোগিতা বাড়াতে আরো কিছু করার অঙ্গীকার করেছেন। দেশ দুটি জ্বালানি, কৃষি, উচ্চ প্রযুক্তি ও শিক্ষার মতো ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করতে পারে বলেও জানান তিনি। মার্কিন কর্মকর্তারা জানান, এ সপ্তাহের বৈঠকের উদ্দেশ্য হলো প্রাথমিকভাবে পর্যালোচনা প্রক্রিয়ার উদ্বোধন। আর আগামী নভেম্বর মাসে ওবামার ভারত সফরের আগে বড় কোন ঘোষণা দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও ভারতের ওপর গুরুত্বারোপ করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২০০৯ সালে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। আমেরিকার কোম্পানিগুলো ভারতে খুচরা বাজার, প্রতিরক্ষা, শিক্ষা ও বিদ্যুৎ খাতে প্রবেশের ব্যাপারে বেশ আগ্রহী হলেও এ ক্ষেত্রে তেমন একটা অগ্রগতি হয়নি। হিলারি ক্লিনটন ও কৃষ্ণা- উভয়ই ২০০৮ সালে স্বাক্ষরিত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে তাদের ইচ্ছার কথা আবারো জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৮ঘ.