মস্কো, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীন, রাশিয়া ও ইউরোপের ছয় ব্যক্তি বৃস্পতিবার থেকে একটি মডিউলে দেড় বছর স্বেচ্ছায় নিঃসঙ্গ জীবন কাটাবেন। মঙ্গলগ্রহ অভিযানে নভোচারীদের ওপর কি মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে তা পরীক্ষার জন্যই এ পদক্ষেপ।
একজন ইতালিয়ান, একজন ফ্রেঞ্চ, তিনজন রাশিয়ান এবং একজন চীনা নাগরিক মস্কোর একটি গবেষণা প্রতিষ্ঠানে আগামী পাঁচশ' ২০ দিনের জন্য এ নিঃসঙ্গ জীবনে যাবেন।
বৃস্পতিবার স্থানীয় সময় বিকাল ২ টায় মডিউলের ঢাকনা বন্ধ করার মধ্য দিয়ে এ ছদ্ম মঙ্গলগ্রহ মিশন শুরু হয়।
প্রকৃত নভোচারীদের মতোই ঐ ব্যক্তিদের সীমিত খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ হবে কেবল ইমেইলের মাধ্যমে। তবে এ যোগাযোগের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থার চেয়ে ৪০ মিনিট সময় বেশি লাগবে।
পরীক্ষা শেষ হলে একবারে মডিউলের ঢাকনা খোলা হবে। তবে কোনো অংশগ্রহণকারীকে বের করার প্রয়োজন হলেই কেবল তা খোলা হতে পারে।
চীনা অংশগ্রহণকারী ২৭ বছর বয়সী ওয়াং ইউয়ে বলেন, "এ চেষ্টা আমাদের সবার জন্য। আমরা আমাদের পরিবার, বন্ধু-বান্ধব কাউকে দেখতে পাব না। কিন্তু আমি মনে করি এটা আমাদের জীবনের সর্বোচ্চ গৌরবজ্জল সময়।"
'রাশিয়ান ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল প্রবলেমস' (আইবিএমপি)-এর মডিউলে স্বেচ্ছাসেবকরা এ দিনগুলো কাটাবেন। তাদের সারাদিনের কাজ ভাগ করে দেওয়া হবে ৮ ঘণ্টা করে। তারা দিনে ঘুমোবেন আট ঘণ্টা। কাজ করবেন আট ঘণ্টা এবং অবসর সময় কাটাবেন আট ঘণ্টা।
মঙ্গলগ্রহ অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে ৫২০ দিনের এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৫০ দিন মঙ্গলগ্রহ যাত্রা, ৩০ দিন সেখানে অবস্থান ও ২৪০ দিন পৃথিবীতে ফেরার জন্য নির্ধারণ করে মোট ৫২০ দিনের এ পরীক্ষা চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৫২ ঘ.
bdnews24