২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি পর্যবেক্ষকসহ তদন্ত প্রস্তাব ইসরায়েলের

গাজামুখী ত্রাণবহরে হামলার ঘটনার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল বৃহস্পতিবার বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে তদন্ত কাজ চালানোর প্রস্তাব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

জেরুজালেম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজামুখী ত্রাণবহরে হামলার ঘটনার স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল বৃহস্পতিবার বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে তদন্ত কাজ চালানোর প্রস্তাব করেছে। সোমবার তুরস্কের ত্রাণবাহী জাহাজ মাভি মারমারায় ইসরায়েলি নৌ সেনারা অভিযান চালিয়ে ৯ মানবাধিকার কর্মীকে হত্যা করার পর ইইউ, তুরস্ক এবং জাতিসংঘ নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশগ্রহণে হামলার ঘটনার ইসরায়েলি তদন্তের পরামর্শ দেয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এভিগডোর লিবারম্যান যুক্তরাষ্ট্রের এ পরামর্শেই সায় দিয়েছেন। এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী জুভাল স্টেইনিৎজ সেনা বেতারকে বলেন, "বিষয়টি জানার জন্য তদন্ত জরুরি।" কিন্তু তিনি কেবল ঘটনাটি জানতে ইসরায়েলের পক্ষ থেকে স্বল্প পরিসরে তদন্তের কথাই বলেন তিনি। আন্তর্জাতিক তদন্ত নাকচ করে তিনি বলেন, "যতদূর জানি তাতে এ ঘটনা খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিশনের প্রয়োজন নেই।" ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি অনুসারে একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত দল রাজনৈতিক নেতাদের অভিযানের সিদ্ধান্ত দেওয়ার বিষয়টিসহ অভিযানের সবগুলো দিকই খতিয়ে দেখবে বলে জানান তিনি। অন্যদিকে, ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি পাওয়া তুরস্ক ও বিদেশি ফিলিস্তিন সমর্থক ত্রাণকর্মীরা ইস্তাম্বুলে তুর্কি সরকারের কাছে বীরোচিত সংবর্ধনা পেয়েছে। সেইসঙ্গে তারা মাভি মারমারাসহ পাঁচটি ত্রাণবাহী জাহাজে হামলা চালানোর জন্য ইসরায়েলি নৌ কমান্ডোদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তাৎক্ষণিকভাবে এ অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলি নৌ সেনারা যেভাবে হেলিকপ্টার থেকে রশি বেয়ে নেমে জাহাজের ডেকে থাকা নিরস্ত্র ত্রাণকর্মীদের উপর গুলি চালায়, তার ভিডিও দেখে ইসরায়েলের সাধারণ মানুষও হতভম্ব। তবে সেনা কর্মকর্তাদের দাবি, জীবন বাঁচাতেই নৌ কমান্ডোরা গুলি চালাতে বাধ্য হয়। ওদিকে, বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস শাসিত গাজায় চার বছরের অবরোধ সমর্থন করে এক টেলিভিশন বক্তৃতায় অনুশোচনাহীন মন্তব্য করেছেন। সেইসঙ্গে ইরান সমর্থিত হামাসকে প্রতিরোধে ইউরোপ ও অন্যান্য দেশের সরকার ভণ্ডামি করছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৯ ঘ.