টোকিও, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য দেশটির উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নাওতো কানকে (৬৩) বৃহস্পতিবার কেবিনেটের সদস্যরা সমর্থন জানিয়েছেন।
শুক্রবার থেকে প্রথমে তিনি ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রেসিডেন্ট এবং পরে পার্লামেন্টের ভোটে বিজয়ী হয়ে এশিয়ার সবচেয়ে ধনী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসার মাত্র ৯ মাসের মধ্যেই বুধবার দেশটির প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা পদত্যাগ করেন।
তৃণমূল পর্যায়ের সাবেক কর্মী কান '৯০ এর দশকের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকালে এইচআইভি-দূষিত রক্ত নিয়ে কেলেঙ্কারির বিষয়ে সরকারের ভুলের জন্য দায় স্বীকার করে জনপ্রিয়তা লাভ করেন।
এ বছরের জানুয়ারি মাস থেকে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এদিকে কান দেশটির নতুন প্রধানমন্ত্রীর হতে পারেন-এমন খবরে বৃহস্পতিবার টোকিও'র শেয়ারবাজারে শেয়ারের মূল্য তিন শতাংশ বেড়েছ।
প্রধানমন্ত্রীর পদের অপর গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদার সঙ্গে সাক্ষাৎ করেন কান এবং এরপরই এ পদের জন্য তিনি সমর্থন লাভ করেন।
ওকাদা জানান, তিনি চান পরবর্তী প্রধানমন্ত্রী যেন অর্থ রাজনীতি ও জোড়ালো দলীয় নেতৃত্ব বিষয়ক ডিপিজে'র সমস্যার সমাধান করতে পারে।
তিনি বলেন, "আমি কানকে সমর্থন করি।"
সাংবাদিকদের ওকাদা আরো বলেন, "পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্বপালনে অঙ্গীকারাবদ্ধ।"
জিজি সংবাদ সংস্থা জানিয়েছে, কানের অপর প্রতিদ্বন্দ্বী পরিবহনমন্ত্রী সেইজি মায়েহারা বলেন, "আমি কানকে সমর্থন করব।"
টোকিও'র গাকুশুইন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের অধ্যাপক হিদেকাজু কাওয়াই বলেন, "কানের এই দায়িত্ব দলের মধ্যে বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না, তাই কানই উপযুক্ত প্রার্থী।"
তিনি আরো বলেন, "ডিপিজে'র সদস্যরা এখন অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে চায় না। কান যেহেতু উপ-প্রধানমন্ত্রী, তাই খুব অল্প পরিবর্তন আশা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী কে হবেন সেটা কোনো বিষয় না। মূল বিষয় হলো অনেক কঠিন কাজ পড়ে রয়েছে। আর তাই অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দ্বিধা কাজ করছে।"
প্রধানমন্ত্রী পদের জন্য ঘোষিত অপর প্রার্থী হলেন সাংসদ ও নিম্নকক্ষে দলের পরিবেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান শিনজি তারুতোকো।
ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি প্রত্যাহারের প্রতিশ্র"তি পূরণে ব্যর্থতার দায়ে হাতোয়ামা পদত্যাগ করেন।
মার্কিন বিমান ঘাঁটি নিয়ে বিরোধে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর হাতোয়ামার দলের কয়েকজনই তার পদত্যাগের দাবি তোলেন।
তহবিল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া ডিপিজে'র মহাসচিব ইচিরো ওজাওয়াও প্রধানমন্ত্রীর অনুরোধে পদত্যাগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৭ঘ.
bdnews24