গুয়াতেমালা সিটি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল ঝড় ও বৃষ্টিপাতে রোববার মধ্য আমেরিকার গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আগাথা নামের এই ঝড়টি শনিবার মেক্সিকো সীমান্তের গুয়াতেমালার উপকূলে আঘাত হানে। ঝড়ে গুয়াতেমালায় ৮২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আলভারো কলোম। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আর আমেরিকার অন্য দুই দেশ এল সালভাদরে ঝড়ে ৯ জন এবং হুন্ডুরাসে ১০ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে নিহতের সংখ্যা ১০১ এ পৌঁছেছে।
গুয়েতেমালার প্রেসিডেন্ট কলোম জানান, "আমরা অনেক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি। কিন্তু এই মুহূর্তে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের এখন মানুষকে আশ্রয় দেওয়া প্রয়োজন।"
ঝড়ে প্রায় ৮০ হাজার মানুষ গৃহহারা হয়েছেন। তাদের অধিকাংশই গুয়াতেমালার অধিবাসী। সরকারি সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট কলোম দাতাদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। পাশাপাশি হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।
রাজধানীয় গুয়াতেমালা সিটির ৯০ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সান আন্তোনিও পালোপোতে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৮ থেকে ১০ জন মাটির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা চালাচ্ছেন। তাদের আশঙ্কা আরো অনেক হতাহত পাওয়া যাবে।
অব্যাহত বৃষ্টি গুয়াতেমালার কফি শস্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দেখা দেবে। মধ্য আমেরিকার সর্বোচ্চ কফি উৎপাদনকারী রাষ্ট্র গুয়াতেমালা।
ঝড় আগাথা সারারাতভরে গুয়াতেমালার পশ্চিমাঞ্চলের পাহাড় অতিক্রম করে। কিন্তু উদ্ধারকর্মীরা জানিয়েছে, ঝড় সরে গেলেও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। নদীগুলো উপচে শহর ও গ্রাম একাকার করে ফেলেছে।
ঝড়ের কারণে হুন্ডুরাসের পাঁচটি সীমান্ত এলাকার ১৮ টি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/এলকিউ১১৩৫ঘ.
bdnews24