২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর পদত্যাগে ব্রিটিশ সরকারে ধাক্কা

ব্রিটেনের উপ-অর্থমন্ত্রী ডেভিড লজ মন্ত্রিত্বের মাত্র ১৮ দিনের মাথায় সংসদীয় খরচে অনিয়মের অভিযোগে শনিবার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

লন্ডন, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- ব্রিটেনের উপ-অর্থমন্ত্রী ডেভিড লজ মন্ত্রিত্বের মাত্র ১৮ দিনের মাথায় সংসদীয় খরচে অনিয়মের অভিযোগে শনিবার পদত্যাগ করেছেন। শুক্রবার ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ক্ষমা চাওয়ার ২৪ ঘণ্টা পরই কনজারভেটিভ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লজকে সরিয়ে দেন। প্রতিবেদনে জোট সরকারের শরিক লিবারেল ডেমোক্রেটরা দাবি করেছে যে, লজ তার দীর্ঘদিনের পুরুষ সঙ্গীকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য অনৈতিকভাবে ৪০ হাজার পাউন্ড যুগিয়ে দেন। লিবারেল ডেমোক্রেট নেতা নিক ক্লেগের সাবেক ঘনিষ্ঠ সহযোগী ড্যারি আলেকজান্ডারকে স্কটিশ সেক্রেটারির পদ থেকে লজের স্থলাভিষিক্ত করা হয়েছে। ৬৫ বছর পর ব্রিটেনের ইতিহাসে প্রথম কোয়ালিশন সরকারের বয়স মাত্র তিন সপ্তাহ পেরুতে না পেরুতেই লজের এ পদত্যাগ বড় ধরনের ধাক্কা। গত ৬ মের নির্বাচনে হেরে লেবার পার্টির ১৩ বছরের শাসনকালের অবসান ঘটলে ক্ষমতায় আসে কনজারভেটিভ-লিব ডেম জোট সরকার। লজের ওপর দায়িত্ব পড়েছিল দেশের রেকর্ড বাজেট ঘাটতি কাটিয়ে ওঠার পরিকল্পনা নেওয়া এবং সে অনুযায়ী কাজ করার। পদত্যাগ বিবৃতিতে লজ বলেন, "ব্যক্তিগত ও সরকারি খরচ সংক্রান্ত তথ্য ফাঁসের বিষয়টির পাশাপাশি বাজেট ও ব্যয়ের পর্যালোচনা বিষয়ক কঠিন কাজটি আমি কীভাবে চালাব তার কোনো উপায় দেখছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৪২ ঘ.