সিওগওয়াইপো, দক্ষিণ কোরিয়া, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার নিন্দা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগে চীনকে শামিল করতে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।
রোববার আঞ্চলিক সম্মেলনে প্রকাশ্যে উত্তর কোরিয়ার নিন্দা জানানোর জন্য সিউল ও টোকিওর চাপ প্রতিহত করে চীন বরং কেবল প্রতিবেশী দেশগুলোকে উত্তেজনা প্রশমন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে।
সিউল ও টোকিও গত মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনান ডুবিতে উত্তর কোরীয় সাবমেরিনের ছোড়া টর্পেডোকেই দায়ী করেছে। এ ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক মারা যায়। কোরিয়া যুদ্ধের পর এটাই দুই কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা।
চলতি মাসের প্রথম দিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-ইল দ্বিতীয় চীন সফর করেছিলেন। চীন দেশটির বৃহত্তম মিত্র ও ব্যবসায়িক অংশীদার। ১৯৫০- '৫৩ সালে কোরিয়া যুদ্ধে তাদের পক্ষেই লড়েছিল চীন।
চীন জাহাজডুবির ঘটনায় পিয়ংইয়ংয়ের প্রতি আন্তর্জাতিক নিন্দাবাদে শামিল হতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, তারা এখনও তথ্য প্রমাণ খতিয়ে দেখছে।
ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক এবং জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা একাট্টা হয়েও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দলে টানতে পারেননি।
ওয়েন জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেননি।
যৌথ এক সাংবাদিক সম্মেলনে ওয়েন কেবল বলেন, "এখন জরুরি কাজ হচ্ছে চেওনান ডুবির পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া। উত্তেজনা প্রশমন করা এবং সংঘাত এড়ানো।"
এ সময় ওয়েন উত্তর কোরিয়ার নাম উল্লেখ করেননি। সেইসঙ্গে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিন্দা প্রস্তাব অথবা নিষেধাজ্ঞা চীন সমর্থন করবে কি-না তারও কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি।
উত্তর কোরিয়া অবশ্য বারবারই যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, জাপানে মার্কিন নৌ ঘাঁটি টিকিয়ে রাখতে এবং চীনকে অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দিতেই যুক্তরাষ্ট্র জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে দুষছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24