দক্ষিণ কোরিয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)-মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শনিবার একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শনিবার চীনের ওপরও জোরালো চাপ সৃষ্টি করেছে এ দেশ দুটি।
চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা শনিবার আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক ঐক্য জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের সিউগউইপোতে ত্রিপক্ষীয় এক বৈঠকে মিলিত হন।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োকিও হাতোয়ামা, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক এ বৈঠকে যোগ দেন। উত্তর কোরিয়ার জলসীমার কাছে দক্ষিণ কোরিয়ার জাহাজডুবির ঘটনা তাদের আলোচনায় স্থান পায়।
জাপানের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, হাতোয়ামার বৈঠকে বলেছেন, "উত্তর কোরিয়ার উস্কানিমূলক পদক্ষেপ ক্ষমার যোগ্য নয়। দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক মহলের সঙ্গে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিলে জাপান তাতে জোরালো সমর্থন দেবে।"
বৈঠক শুরুর আগে হাতোয়ামার প্রস্তাব অনুযায়ী তিন নেতা দক্ষিণ কোরিয় জাহাজ ডুবিতে নিহতদের উদ্দেশে কিছু সময় নীরবতা পালন করেন। এ যুদ্ধজাহাজ ডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিকের মৃত্যু হয়।
আন্তর্জাতিক তদন্তে উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে চেওনান ডুবেছে বলা হলে দক্ষিণ কোরিয়া প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। দক্ষিণ কোরিয়ার এ ঘোষণার জবাবে উত্তর কোরিয়া যুদ্ধের হুমকি দেওয়ায় কোরিয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র পার্ক সুন কিও শনিবার বলেন, "এ ঘটনার দায় উত্তর কোরিয়াকে স্বীকার করতে বাধ্য করার জন্য দক্ষিণ কোরিয়া সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে।"
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান শুক্রবার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবের পরিকল্পনা করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপান সেক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের সমর্থন দাবি করছে।
বৈঠকে চেওনানের বিষয় উল্লেখ না করে জিয়াবাও বলেন, "বৈঠককে ফলপ্রসু করতে আমি প্রেসিডেন্ট লি ও প্রধানমন্ত্রী হাতোয়ামার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি এবং এর মধ্য দিয়ে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আমাদের আস্থা ও প্রত্যাশার বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।"
এর আগে শুক্রবার লির সঙ্গে বৈঠকে জিয়াবাও বলেন, কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী সব কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা ও আপত্তি জানাচ্ছে চীন।"
দক্ষিণ কোরিয়ার জাহাজডুবিতে জড়িত কাউকেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি।
ওয়েন আরো বলেন, "চীন সরকার নিরপেক্ষ এবং সুষ্ঠু বিচার বিবেচনার মধ্য দিয়ে জাহাজডুবির ঘটনায় কি করা উচিত বা উচিত না সে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক তদন্ত এবং এর পরিপ্রেক্ষিতে প্রতিটি দেশের প্রতিক্রিয়ার বিষয়টিও মাথায় রাখবে।"
টপের্ডো হামলায় উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করলে ব্যাপক বিষোদগার শুরু করে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা এবং দুই দেশের সীমান্তে বাণিজ্যিক এলাকা কায়েসং ফ্যাক্টরি পার্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
এতে ওই এলাকায় অবস্থানরত হাজারখানেক দক্ষিণ কোরীয় নাগরিকের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ফলে সীমান্ত বন্ধ হলে শুক্রবার দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের উদ্ধারে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয়।
দুই দেশের মধ্যে এই উত্তেজনা যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা বেশ চিন্তায় ফেলে দিয়েছে দেশ দুটিতে বিনিয়োগকারী ব্যবসায়ীদের।
দক্ষিণ কোরিয়া দুই দেশের সীমান্তে ত্রিমুখী মহড়া শুরু করলেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন কোনো উস্কানির আশঙ্কা করছে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২৩৪৯ ঘ.
bdnews24