২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর নির্বাচন কঠিন: থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা শনিবার বলেছেন, এ বছর নির্বাচন দেওয়া কঠিন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ব্যাংকক, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা শনিবার বলেছেন, এ বছর নির্বাচন দেওয়া কঠিন হবে। সরকার বিরোধী লাল শার্ট বিক্ষোভকারীরা আগাম নির্বাচনের দাবিতে প্রায় দুই মাস ব্যাংকক অচল করে রাখে। গত সপ্তাহে সামরিক অভিযানের মুখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাল শার্টরা বিক্ষোভস্থল ছেড়ে যেতে বাধ্য হয়। এর আগে লাল শার্টদের বিক্ষোভের মুখে অভিজিৎ ১৪ নভেম্বর নির্বাচনের ঘোষণা দেন। তবে লাল শার্টরা সে প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তা প্রত্যাহার করেন। আধুনিক থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার মতো সামাজিক অসন্তোষ বিরাজ করছে জানিয়ে এক সংবাদ সম্মেলনে অভিজিৎ বলেন, "এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান খুবই কঠিন।" তিনি বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনা জরুরি এবং তার জন্য একটি সমঝোতা পরিকল্পনা প্রয়োজন। তবে তার মেয়াদের শেষ নাগাদ ২০১২ সালের আগে নির্বাচন হবে বলে তিনি জানান। তিনি বলেন, "আগাম নির্বাচনের চিন্তা আমি বাদ দেইনি। তবে দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসার পর তা হবে এবং আমার মেয়াদ শেষ হওয়ার আগেই হবে।" সমঝোতা পরিকল্পনায় লাল শার্টসহ সব বিরোধী দলকে তারা রাজি করাতে পারলে এবং আগামী কয়েক মাস সরকার ও পার্লামেন্ট সফলভাবে চললে তা নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ হিসেবে বিবেচিত হবে বলে তিনি জানান। লাল শার্টদের প্রধান দাবি ছিলো অভিজিতের পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণা। সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট ব্যাংককের অভিজাত শ্রেণী তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। গত মার্চ থেকে ব্যাংককের রাস্তায় লাল শার্টরা বিক্ষোভ শুরু করে। বেশ কয়েকবার সংঘর্ষের পর গত সপ্তাহে সেনারা ব্যাংককের প্রধান বাণিজ্যিক এলাকায় তাদের সমাবেশে হামলা চালালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মার্চ থেকে এ পর্যন্ত এ বিক্ষোভ সহিংসতায় কমপক্ষে ৮৮ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/১৯৪১ ঘ.