জোহানেসবার্গ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেফতার করতে পারে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা বৃহস্পতিবার সংসদে এ কথা বলেন।
বশিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে বশির পশ্চিম দারফুরে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের কোনো নির্দেশ দেননি বলে দাবি করে আসছেন।
আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার অন্যান্য রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ ফুলবল দেখার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। এরই অংশ হিসাবে সুদানের প্রেসিডেন্ট বশিরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদি তিনি আমন্ত্রণ গ্রহণ করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তবে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সংসদে প্রেসিডেন্ট জুমা এক প্রশ্নের জবাবে বলেন, "দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইন মান্য করে, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে স্বাক্ষরকারী রাষ্ট্র, ফলে আইন এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই।"
জুমা বলেন, আফ্রিকান ইউনিয়ন (এইউ) আইসিসির কাছে আবেদন জানিয়েছিল বশিরের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য, কেননা তাকে গ্রেপ্তার করা হলে সুদানে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আইসিসি এই আবেদনে সাড়া দেয়নি।
জুমা আরো বলেন, "আফ্রিকান ইউনিয়ন বলেনি যে, তারা বশিরকে অবশ্যই গ্রেপ্তার করবে না...দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইন মান্য করে।"
বিশ্বে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত ক্ষমতাসীন একমাত্র রাষ্ট্রপ্রধান ওমর আল বশির। বৃহস্পতিবার বশির পুনর্নির্বাচিত হয়ে সুদানের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বশিরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্ষিপ্ত হয়ে পড়ে। সৌদি আরব, লিবিয়া ও ইরিত্রিয়াসহ শুধুমাত্র মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তার সীমিত ভ্রমণ সীমানা।
তবে বশির বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা দক্ষিণ আফ্রিকার কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৪ঘ.
bdnews24