২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ২৮৮ মিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে গত বছর পরিচালিত সামরিক অভিযানের ব্যয় মেটাতে পাকিস্তানের নিরাপত্তা তহবিলে যুক্তরাষ্ট্র আরো ২৮৮ মিলিয়ন (২৮ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 04:31 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

করাচি, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---তালেবান জঙ্গিদের বিরুদ্ধে গত বছর পরিচালিত সামরিক অভিযানের ব্যয় মেটাতে পাকিস্তানের নিরাপত্তা তহবিলে যুক্তরাষ্ট্র আরো ২৮৮ মিলিয়ন (২৮ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার দিয়েছে। বুধবার দিনের শেষভাগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত যুদ্ধে মিত্র দেশগুলোর এ সংক্রান্ত অভিযানের ব্যয় মেটাতে অর্থ সহায়তা বিষয়ক কোয়ালিশন সাপোর্ট ফান্ডের (সিএসএফ) অধীনে এ অর্থ দেওয়া হয়েছে। আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও আল কায়েদা জঙ্গি বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ পাকিস্তান আফগান সীমান্তে পরিচালিত আল কায়েদা বিরোধী অভিযানে বিপুল অর্থ ব্যয় করেছে। বিবৃতিতে বলা হয়, "সিএসএফ ফান্ডের অধীনে এ বছর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ইতোমধ্যে একশ' ২০ কোটি ডলার দিয়েছে এবং তার সঙ্গে বাড়তি এ অর্থ দেওয়া হচ্ছে।" এ মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ৬৫ কোটি ৬০ লাখ ডলার দেয়। তবে সে অর্থ এখনো পায়নি বলে বৃহস্পতিবার জানায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। নিরাপত্তা সহায়তা ও সিএসএফ ফান্ডের অধীনে পাকিস্তানকে এ পর্যন্ত ১১০০ কোটি ডলার দেওয়া হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালের পর থেকে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ব্যয় পরিশোধে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আরো সাতশ' ৪০ কোটি ডলার দেবে। তবে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে গত আট বছরের যুদ্ধে ৩৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২৫ ঘ.