২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার জাহাজ ডুবানোর ১০০% প্রমাণ চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিতে উত্তর কোরিয়ার হাত থাকার একশ ভাগ প্রমাণ না পাওয়া পর্যন্ত পিয়ংইয়ংকে শাস্তি দেওয়ার চেষ্টা সমর্থন করবে না রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 11:16 AM

মস্কো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএফপি)--- দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিতে উত্তর কোরিয়ার হাত থাকার একশ ভাগ প্রমাণ না পাওয়া পর্যন্ত পিয়ংইয়ংকে শাস্তি দেওয়ার চেষ্টা সমর্থন করবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা বলেছেন। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা মুখপাত্র ইগোর লায়াকিন- ফ্রোলভ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিতে যে উত্তর কোরিয়ার হাত আছে সে সম্পর্কে আমরা শতভাগ প্রমাণ চাই। তিনি আরও বলেন, আমাদের বিশেষজ্ঞরা তদন্তের উপাত্তগুলো বিচারবিশ্লেষণ করে দেখছে। কি ঘটেছিল সে সম্পর্কে আমাদের নিজস্ব একটি সিদ্ধান্তে পৌছানো প্রয়োজন। প্রমাণ এবং পরিস্থিতির ওপরই সবকিছু নির্ভর করবে। দক্ষিণ কোরিও যুদ্ধজাহাজ চেওনান ডুবিতে উত্তর কোরিয়া জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে রাশিয়া তার বিশেষজ্ঞ দল দক্ষিণ কোরিয়ায় পাঠানোর ঘোষণা দেওয়ার একদিন পর পররাষ্ট্রমন্ত্রণালয় এ মন্তব্য করল। অন্য এক খবরে রাশিয়ার নৌবাহিনীর শীর্ষ এক সূত্র থেকে জানা গেছে, চেওনান ডুবির ঘটনায় বিলম্বিত বহুজাতিক তদন্ত থেকে রাশিয়া কে বাদ দেওয়ায় মস্কো অসন্তোষ প্রকাশ করেছে। চেওনান ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং সুইডেনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি গত সপ্তহে বলেছে, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে ওই জাহাজডুবির বেশ কিছু প্রমাণ পেয়েছে তারা। রাশিয়ার নৌবাহিনী সূত্র ইন্টারফ্যাক্স কে জানিয়েছে, রাশিয়ার বিশেষজ্ঞদের অংশগ্রহণে তদন্ত আরও পূর্ণাঙ্গ এবং বস্তুনিষ্ঠ হবে। মার্চ মাসে পীত সাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান ডুবে যাওয়ার পর আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে এই জাহাজডুবি ঘটেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চেওনান ডুবিতে ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮১২ ঘ.