সিউল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সেইসঙ্গে বন্ধ করে দিয়েছে উত্তরের সঙ্গে ফেরি চলাচলও। জাহাজডুবির প্রতিবাদে দক্ষিণ কোরিয়া এ সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর কোরিয়া গত মার্চে টর্পেডো দিয়ে দক্ষিণ কোরিয়ার নৌ-জাহাজ ডুবিয়েছে বলে অভিযোগ সিউলের। ওই ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক নিহত হয়।
একটি আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনেও জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার হাত থাকার অভিযোগ আনা হয়েছে।
এরই প্রতিক্রিয়ায় উত্তরের সঙ্গে বাণিজ্য বন্ধের এ ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক।
জাতির উদ্দেশ্যে প্রচারিত টেলিভিশন ভাষণে লি বলেন, তিনি উত্তরের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন এবং দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমা থেকে উত্তরের বাণিজ্য জাহাজও নিষিদ্ধ করছেন।
জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে অবিলম্বে দক্ষিণ কোরিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান লি।
উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া সরকারের সব ধরনের বাণিজ্য, বিনিয়োগ এবং সফর নিষিদ্ধ ঘোষণা করে লি বলেন, জাহাজডুবির ঘটনায় পিয়ংইয়ংকে শাস্তি দিতে তিনি বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবেন।
লি আরো বলেন, উত্তর কোরিয়া আরো উস্কানিমূলক আচরণ করলে সামরিক জবাব দেবে দক্ষিণ কোরিয়া। তিনি বলেন, বিভেদ আর সংঘর্ষ উস্কে দেওয়াই উত্তর কোরিয়ার উদ্দেশ্য। এখন উত্তর কোরিয়ার এ অবস্থান বদলানোর সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24