২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য, উত্তর কোরিয়া নিয়ে চীন-যুক্তরাষ্ট্র বৈঠক

বাণিজ্য ও উত্তর কোরিয়া নিয়ে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন। মুদ্রামান ও বাণিজ্য ঘাটতি নিয়ে দু'দেশের মধ্যকার কয়েকমাসব্যাপী বিরোধ নিরসনের পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়াও বৈঠকের উদ্দেশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 10:58 AM

বেইজিং, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- বাণিজ্য ও উত্তর কোরিয়া নিয়ে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন। মুদ্রামান ও বাণিজ্য ঘাটতি নিয়ে দু'দেশের মধ্যকার কয়েকমাসব্যাপী বিরোধ নিরসনের পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়াও বৈঠকের উদ্দেশ্য। চীনা নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও অর্থমন্ত্রী টিমোথি গেইথনার। বৈঠকের শুরুতেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়ার জন্য চীনকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা থেকে চীনের মুদ্রা ইউয়ানের মূল্যমানসহ বাণিজ্য ঘাটতি ও ইন্টারনেট স্বাধীনতার মতো আরো অসংখ্য ইস্যুতে অগ্রগতির আশা করছে দু'দেশ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, চীনের মুদ্রানীতির কারণে তাদের রপ্তানীকারকরা অন্যায় সুবিধা পাচ্ছে। চীন ইচ্ছাকৃতভাবে ইউয়ানের অবমূল্যায়ন করে বিশ্ব বাজারে তাদের রপ্তানীকারকদের অন্যায় সুবিধা করে দিচ্ছে। তাছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বার্ষিক বাণিজ্য ঘাটতি ২০০৯ সালে দাঁড়িয়েছে ২২৬ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এ পরিসংখ্যান ২০০৮ সালের রেকর্ড বাজেট ঘাটতি ২৬৮ দশমিক ০ বিলিয়ন ডলারের চেয়েও কম। এ ঘাটতি নিয়ে দু'দেশের মধ্যে বিরোধ রয়েছে। দুদিনব্যাপী এ কৌশলগত ও অর্থনৈতিক' সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, দু'দেশের অর্থনৈতিক নীতির সমন্বয় বাড়ানো এবং 'অর্থনীতির পরিপূর্ণ পুনরুদ্ধার' এর জন্য একসঙ্গে কাজ করা প্রয়োজন। অন্যদিকে, টিমোথি গেইথনার বাণিজ্য বাধা কমিয়ে আরো উন্নত ও ভারসাম্যপূর্ণ বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে ইউয়ানের মূল্যায়ন প্রশ্নে যুক্তরাষ্ট্রকে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্র"তি দেয়নি চীন। তবে প্রেসিডেন্ট হু জিনতাও ইউয়ানের সংস্কার কার্যক্রম ধীরে ধীরে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। হু বলেন, তিনি ধীরে ধীরে চীনের মুদ্রা ইউয়ানের বিনিময় হার সংস্কারের চেষ্টা চালিয়ে যাবেন। হু এর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন গেইথনার। তিনি বলেন, "মুদ্রা বিনিময় হার সংস্কার করা যে বৃহত্তর সংস্কার পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের নেতারা তা বুঝতে পারায় আমরা তাদেরকে স্বাগত জানাই।" গেইথনারের নেতৃত্বে বৈঠকে অর্থনৈতিক আলোচনা প্রাধ্যান্য পাওয়ার পাশাপাশি হিলারির নেতৃত্বে আলোচনায় প্রাধান্য পাচ্ছে উত্তর কোরিয়া ইস্যু। গত মার্চ মাসে দক্ষিণ কোরিয়ার এক যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়ার জন্য সিউল উত্তর কোরিয়াকে দায়ী করেছে। এ দুর্ঘটনায় ৪৬জন নাবিক নিহত হয়। উত্তর কোরিয়ার বড় সমর্থক চীন এবং তারা যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় সরাসরি পিয়ংইয়ংয়ের সমালোচনা করেনি। এ মাসের শুরুতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলকে চীন সফরের আমন্ত্রণ জানায় বেইজিং। বৈঠকে হিলারি বলেন, "এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্য নিয়ে আমাদের একযোগে কাজ করতে হবে।" এ বছরের শুরুর দিকে ইন্টারনেট সেন্সরশীপ, তাইওয়ানের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি এবং তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক নিয়ে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বৈঠকে এ উত্তেজনা প্রশমনের চেষ্টার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি সহযোগিতার বিষয়টিও আলোচ্যসূচিতে স্থান পাবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫২৭ ঘ.