মোগাদিসু, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে আল- কায়েদার সমর্থনপুষ্ট আল শাবাব ইসলামি জঙ্গিরা। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। রোববার কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
এমন সময়ে প্রেসিডেন্ট প্রাসাদে এ হামলা হল যখন প্রেসিডেন্ট শরিফ শেখ আহমেদ এক শান্তি সম্মেলনে যোগ দিতে তুরস্কে আছেন।
মুসলিম বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের দমন করতে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সমর্থনপুষ্ট সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।
শনিবার রাতে সাগরের তীর ঘেঁষা রাজধানী মোগাদিসুর আশেপাশের অঞ্চল উত্তরাঞ্চলীয় শিবিস ও বন্ধেরে এলাকায় মূল হামলা চালায় শাবাব যোদ্ধারা। অল্পক্ষণের মধ্যে লড়াই স্তিমিত হয়ে যাওয়ার পর রোববার ভোরে আবারও নতুন করে হামলা শুরু করে তারা।
সোমালি সরকারের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলী ইদল এএফপিকে বলেন, "সংঘর্ষ চলাকালে নিহত বেসামরিক লোকের সংখ্যা ১১ তে পৌঁছেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। কারণ মোগাদিসুর দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি পয়েন্ট থেকে সহিংস জঙ্গিরা মর্টার হামলা চালায়।"
মোগাদিসুর অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের প্রধান আলী মুইজ বলেন, দক্ষিণাঞ্চলীয় হাওলাডং ও ব্ল্যাক সী এলাকার লড়াইয়ে আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ২৫ জন আহত হয়েছে।
অন্যদিকে, কয়েক জন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানায়, মর্টারের একটি গোলা এক বাড়িতে আঘাত হানলে একই পরিবারের পাঁচ জন নিহত হয়।
এক বাসিন্দা আব্দিররহমান আইস বলেন, "বন্ধেরে ও শিবিসে ব্যাপক যুদ্ধ হয়েছে। অনেক লোক মারা গেছে এবং আমি নিজে দেখেছি মর্টারের একটি গোলা আঘাত হানায় একই পরিবারের পাঁচ জন নিহত হয়। আরও অনেকে আহত হয়েছে।"
তিনি বলেন, "গোলাগুলির মধ্যে পড়ে আশপাশের এলাকায় আরও অনেকেরই মারা যাওয়ার কথা শুনেছি। তবে সারা রাত লড়ই চলতে থাকায় কোনও যানবাহন না পাওয়ায় আহতদের হাসপাতালে নেওয়া যায়নি।"
বিদ্রোহী দলগুলো তাদের ঘাঁটি ছেড়ে বন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদের মাঝখানে কৌশলপূর্ণ এলাকায় অবস্থান নেওয়ার পরপরই শাবাব জঙ্গিদের আক্রমণ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সোমালিয়ায় আফ্রিকান মিশন (আমিসম)'র মুখপাত্র মেজর বা-হকু বারিগিয়ে বলেন, শাবাব জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে অবিলম্বে অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, "জনগণকে আমাদের ম্যান্ডেট বুঝতে হবে, আমরা এখানে এসেছি সোমালিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে এবং আমরাও বিপদের প্রান্তে দাঁড়িয়ে। যদি আমাদের বাহিনী বিপদগ্রস্ত হয়, তবে তাদের অধিকার আছে নিজেদের রক্ষা করার।"
শুধু ২০১০ সালেই জঙ্গি ও সরকারি বাহিনীর ক্রসফায়ারে পড়ে কয়েকশ' বেসামরিক নাগরিক মারা গেছে। আর গত তিন বছরে এ সংখ্যা হাজারেরও উপরে। যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ বাধ্য হয়েছে শহরের ঘর বাড়ি ছেড়ে ভীড়াক্রান্ত
ক্যাম্পে আশ্রয় নিতে।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের প্রতি আনুষ্ঠানিকভাবে আনুগত্য প্রচারকারী শাবাব নেতারা সোমালিয়ার দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও সুরক্ষিত প্রেসিডেন্ট ভবনের দখল নিতে পারেনি। পারেনি প্রেসিডেন্ট শরিফকে উৎখাত করতেও।
বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শীর্ষ মুখপাত্র শেখ আলী মোহামুদ রেইজ রোববার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, শাবাব যোদ্ধারা কয়েক ডজন সরকারি সেনাকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24