ব্যাংকক, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্ধ থাকা সব আর্থিক বাজার, সরকারি অফিস এবং বিদ্যালয় সোমবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাজধানীসহ ২৩টি প্রদেশে পাঁচ ঘণ্টার জন্য সান্ধ্যআইন বহাল রাখা হয়েছে।
গত সপ্তাহে ব্যাংককে সেনাবাহিনীর সঙ্গে সরকারবিরোধী আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ব্যাংককসহ ২৩টি প্রদেশে সান্ধ্যআইন জারি করা হয়।
সোমবার ব্যাংককের সব প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে রোববার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। বাণিজ্যিক এলাকায় এদিন উচ্চ বিদ্যালয়ের কয়েকশ' ছাত্রসহ কয়েক হাজার স্বেচ্ছাসেবক একাজে নামে।
ব্যাংককে গত ১৪ মে থেকে এক সপ্তাহের সহিংসতায় কমপক্ষে ৫৪ জন নিহত এবং চারশ' বেশি আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রায় ৪০টি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। ক্ষতির মুখে পড়ে পর্যটন খাতও।
আধুনিক ব্যাংককের ইতিহাসের সবচেয়ে বড় এ সহিংসতায় হতাশ শহরের খ্যাতনামা ট্রিয়াম উদোম সুকসার স্কুলের শিক্ষার্থীরা।
তাদের একজন রোববার রয়টার্সকে বলেন, "এটা খুবই হতাশাজনক, ব্যাংককের জন্য এটি ছিল দুঃস্বপ্ন। কষ্ট পেয়েছি। কিন্তু আমরা আবার জীবন ফিরিয়ে আনব।"
রোববার জাতির উদ্দেশে দেওয়া নিয়মিত সাপ্তাহিক ভাষণে প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা বলেন, "আগামীকাল থেকে জনগণ রাস্তায় নামলে এবং স্কুল ও সরকারি অফিসগুলো খুললে পরিস্থিতি স্বাভাবিক হবে।"
তিনি জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী ও আরো ২২টি প্রদেশে আরো দুরাত সান্ধ্যআইন জারি থাকবে। তবে তা আট ঘণ্টার পরিবর্তে পাঁচ ঘণ্টার জন্য।
সরকার নিরাপত্তার বিষয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সাধারণ জনগণের ওপর সান্ধ্যআইনের প্রভাব সীমিত করার চেষ্টা করছে বলেও তিনি জানান।
ওদিকে রোববার পর্যন্ত ব্যাংককের রাস্তা থেকে অধিকাংশ সেনাসদস্য প্রত্যাহার করা হয়েছে। সেনা তল্লাশি চৌকিগুলো হস্তান্তর করা হয়েছে পুলিশের কাছে।
এদিন উড়ালট্রেন এবং পাতাল পথে গাড়ি চলাচল শুরু হলেও যাত্রী সংখ্যা ছিলো খুবই কম।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক সরকারবিরোধী লাল শার্ট বিদ্রোহীরা মূলত গ্রাম ও শহরের দরিদ্র শ্রেণীর মানুষ। পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের দাবিতে তারা এ আন্দোলন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এজে/১৪৫১ ঘ.
bdnews24