সিউল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে উত্তর কোরিয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘ কমান্ড (ইউএনসি)।
শনিবার জাতিসংঘ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
উত্তর কোরিয়া 'অর্থহীন' অভিহিত করে এ তদন্ত নাকচ করেছে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার তদন্তকারীদের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতেই গত মার্চে ডুবে গেছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান কর্ভেত্তি। এ জাহাজ ডুবিতে ৪৬ জন নাবিক নিহত হয়।
ইউএনসি এক বিবৃতিতে বলেছে, চিওনান জাহাজ ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার তদন্তের ফলাফল পর্যালোচনা এবং এ ঘটনায় উত্তর কোরিয়া কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখতে ১১ টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের এ দল তাদের প্রাপ্ত তদন্তের ফলাফল নিয়ে জাতিসংঘে প্রতিবেদন জমা দেবে বলে বিবতিৃতে জানানো হয়।
ওদিকে, জাহাজ ডুবির অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া জানিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব চুক্তি ছিন্ন করতে প্রস্তুত।
এ যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের যুদ্ধ শেষ হয়।
দক্ষিণ কোরিয়ার তদন্ত বিষয়ে ধারণা পেতে তাদের ইচ্ছা আবার ব্যক্ত করে শনিবার দুই কোরিয়ার সীমান্ত অঞ্চলে নিজস্ব তদন্তকারীদের পাঠানোর আগ্রহের কথা জানিয়েছে পিয়ংইয়ং ।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার তাদের এ অনুরোধ প্রত্যাখান করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৫২ ঘ.
bdnews24