কাবুল, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগসহ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তারা শনিবার আফগানিস্তান পৌঁছেছেন। এ সফরে ব্রিটেন আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব সৈন্য প্রত্যাহার করতে চায় বলে হুঁশিয়ারি দিয়েছে।
এ মাসে লন্ডনে জোট সরকার গঠনের পর এই প্রথম আফগানিস্তান সফর করছেন পররাষ্ট্র মন্ত্রী হেগ, প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এন্ড্রু মিচেল। তারা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
হেগ বলেন, তালিবান নির্মূলে প্রায় ১০ হাজার ব্রিটিশ সৈন্য নয় বছর যাবৎ সফলভাবে যুদ্ধ করে যাচ্ছে। ক্ষমতাসীন হওয়ার পর থেকেই নতুন সরকারের উদ্দেশ্য অনুযায়ী এই মুহুর্তে সবচেয়ে প্রাধান্যের বিষয় হচ্ছে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার।
আফগানিস্তান পৌঁছানোর আগে টাইমস্ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফক্স পরিস্কারভাবে জানিয়ে দেন, সফরের উদ্দেশ্যে হচ্ছে আফগানিস্তান থেকে দ্রুত সৈন্য প্রত্যাহার করে নেওয়া এবং ব্রিটেন আর সৈন্য মোতায়েন করবেনা এ ব্যাপারটির উপর আলোকপাত করা।
তিনি বলেন, "জাতীয় নিরাপত্তা হচ্ছে এখন মূল বিষয়। আমরা বৈশ্বিক পুলিশ বাহিনী না। তের শতকের মত ভেঙে যাওয়া কোন দেশে শিক্ষানীতি প্রণয়ণের জন্য আমরা আফগানিস্তানে নিয়োজিত নই।"
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/বিসিএস/টিএ/২২৪০ ঘ.
bdnews24