গ্রান্ড আইল, লুইজিয়ানা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরের তেল নির্গমন বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার স্বাধীন প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণা দেন। তেল নির্গমনের ফলে লুইজিয়ানায় পর্যটকদের কাছে জনপ্রিয় একটি সমুদ্র সৈকত বন্ধ হয়ে গেছে।
সমুদ্রের পানিতে তেল মিশে যাওয়ায় লুইজিয়ানার গ্র্যান্ড ইসলের ৭ মাইল সমুদ্র সৈকত কমলা রঙের পিচ্ছিল তরলে ভেসে গেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এই কমিশনের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করছেন।
এ কমিশনটি নির্বাহী আদেশের মাধ্যমে দুটি রাজনৈতিক দলের সহযোগে গঠিত হয়েছে । আর এর উদ্দেশ্য হচ্ছে তেল কোম্পানিগুলোকে সুপারিশ করা ভবিষ্যতে তারা কিভাবে এ ধরণের তেল নির্গমন রোধ এবং দুর্ঘটনা ঘটলে কিভাবে এর প্রতিকার করবে।
ওবামা বলেন, সাত সদস্য বিশিষ্ট কমিশনটিতে ডেমোক্রেট সমর্থক ফ্লোরিডার গভর্ণর ও সাবেক সিনেটর বব গ্রাহাম এবং রিপাবলিক সমর্থক এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির সাবেক প্রশাসক উইলিয়াম রিলাই যুগ্মভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, কমিশনের বাকী ৫ জন সদস্যকে তিনি পরবর্তীতে নিয়োগ দিবেন। এতে বিজ্ঞানী, প্রকৌশলী এবং পরিবেশ পরামর্শক থাকবেন। এ কমিশনে কোন সরকারী ও নির্বাচিত কর্মকর্তারা থাকবেনা।
২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে সাগরের গভীরে ব্রিটিশ কোম্পানি বিপি পরিচালিত একটি তেল খনি বিস্ফোরিত হলে এ পর্যন্ত কমপক্ষে ৬ মিলিয়ন গ্যালন তেল পানিতে মিশেছে। এ দুর্ঘটনায় ১১ জন মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২২২৫ ঘ.
bdnews24