তেহরান, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাব আলোচনাধীন থাকলেও ব্রাজিল এবং তুরস্কের মধ্যস্থতায় করা পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি নিয়ে এগিয়ে যাবে ইরান।
শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা (আইএসএনএ) দেশটির পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আলাবদিন ব্রোউজারদির বরাত দিয়ে এ খবর জানায়।
ব্রোউজারদি বলেন, "এ চুক্তির বিষয়ে ইরান অঙ্গীকারাবদ্ধ এবং চুক্তির বাস্তবায়ন চায় দেশটি।"
ইরান শিগগিরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছে এ বিষয়ে চিঠি পাঠাবে বলে জানান তিনি।
তিনি বলেন, " মার্কিনী প্রচারণা ইরানের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাজি দেশগুলোর কাছে আমাদের আহ্বান আমেরিকার দ্বারা আপনারা প্রভাবিত হবেন না।"
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শুক্রবার জানায়, ব্রাজিল ও তুরস্কের সঙ্গে পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি বিষয়ে বিস্তারিত জানিয়ে সোমবার আইএইএ প্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে ইরান।
গত অক্টোবরে ইরান, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে আইএইএ এ ধরনের একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করে। কিন্তু ইরান সংশোধনী চাওয়ায় তা অচিরেই ব্যর্থ হয়।
এবার ইরানের পরমাণূ কর্মসূচি নজরদারির আওতায় আনতে জাতিসংঘ দেশটির অসমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে জ্বালানি তৈরির প্রস্তাব দেয়। এ প্রস্তাবে ইরানকে রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমানের দুই অস্থায়ী সদস্য ব্রাজিল ও তুরস্ক।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সময় ক্ষেপণের কৌশল হিসাবে ইরান এ চুক্তিকে ব্যবহার করছে। আর তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তাবনার খসড়া তৈরি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২১৩৫ ঘ.
bdnews24