বাসেলস, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানিতে জনগণের আপত্তির মুখেও শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়েছে ইউরো সুরক্ষা বিল। ইউরোকে স্থিতিশীল করে ইউরোজোনকে সুরক্ষিত রাখাই এর উদ্দেশ্য।
পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে ৩১৯-৭৩ ভোটে বিলটি পাশ হয়েছে। ভোটদানে বিরত ছিল ১৯৫ জন। এদের মধ্যে আছে স্যোশাল ডেমোক্রেট ও গ্রিন পার্টি। নিম্নকক্ষের পর উচ্চকক্ষেও বিলটি পাশ হয়েছে।
বিলের আওতায় ইউরোকে সুরক্ষা দিতে জার্মানি জরুরি ভিত্তিতে ৭৫০ বিলিয়ন ইউরো প্যাকেজ ঋণ দেবে। অর্থাৎ, তহবিলের সিংহভাগই পড়েছে জার্মানির ভাগে।
গ্রিস ও ইইউ এর অন্যান্য দেশগুলোর জন্য ঋণ সহায়তা পরিকল্পনা সমর্থন করে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এমনিতেই দেশে জনরোষের মুখে রয়েছেন।
এর মধ্যে প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন ইউরো সুরক্ষা বিল পাশ করায় মের্কেলকে এখন জনসমর্থন জোগাড়ের জন্য রীতিমত সংগ্রামে নামতে হবে। বার্লিন থেকে একথা বলেছেন বিবিসি'র সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ।
রয়টার্স জানিয়েছে, জার্মানি ইউরোজোন সুরক্ষা তহবিল অনুমোদন করলেও ইউরোপে শেয়ার আবারো পড়ে গেছে। এ সাহায্য প্যাকেজে ঋণ সংকট সামাধান হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে অর্থবাজারগুলো।
অতিরিক্ত ব্যয় কমাতে কি করা উচিত তা নিয়ে ব্রাসেলসে ইইউ অর্থমন্ত্রীদের আলোচনার মধ্যেই জার্মানি এ পদক্ষেপ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৪ ঘ.
bdnews24