২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে এশিয়া সফরে হিলারি

জাহাজডুবি নিয়ে দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে এক সপ্তাহের এশিয়া সফরে শুক্রবার জাপান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এখান থেকে তিনি চীন ও দক্ষিণ কোরিয়ায় যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 10:47 AM

টোকিও, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- জাহাজডুবি নিয়ে দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে এক সপ্তাহের এশিয়া সফরে শুক্রবার জাপান পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এখান থেকে তিনি চীন ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। হিলারির জাপান সফরের আলোচ্যসূচিতে প্রাধান্য পাচ্ছে উত্তর কোরিয়া ইস্যু। জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাটসুয়া ওকাদা বৈঠকের শুরুতেই হিলারিকে বলেছেন, তিনি বিশেষত দক্ষিণ কোরিয়ার জাহাজডুবির ঘটনাটি নিয়ে আলাপ করতে চান। একইসঙ্গে ইরান ও চীন নিয়েও আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। ওদিকে, হিলারি বলেন, টোকিওর সঙ্গে দীর্ঘদিনের মিত্রতা আরও ঘনিষ্ঠ করতে আগ্রহী ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ার জাহাজডুবি নিয়ে জাপানের উদ্বেগ ওয়াশিংটন উপলব্ধি করেছে এবং এটি নিয়ে আলোচনা করতে চায় বলেও জানান তিনি। উল্লেখ্য, গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবে ৪৬ জন নিহত হয়। তবে আন্তর্জাতিক তদন্তে জানা যায় যে, উত্তর কোরিয়ার একটি টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে গেছে। দক্ষিণ কোরিয়া এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। উত্তর কোরিয়া এর জন্য তাদের শাস্তি দেওয়া হলে যুদ্ধের হুমকি দিয়েছে এবং দক্ষিণ কোরিয়া পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৮ ঘ.