নয়া দিল্লি, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় লায়লা। তবে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কর্মকর্তারা জানিয়েছে, লায়লার কারণে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে ভারতের তেল ও গ্যাসকূপে আঘাত হানতে পারে বলে প্রাথমিকভাবে যে আশঙ্কা করা হয়েছিল তা কেটে গেছে।
এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো হিসাব জানা যায়নি।
কর্তৃপক্ষ ঘর-বাড়ি ধসে যাওয়া, উপকূলীয় অঞ্চলে বন্যা এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইনে ক্ষয়-ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে।
ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তনকারী ঘূর্ণিঝড় লায়লা আঘাত হানতে পারে এই আশঙ্কায় রিলায়েন্স কোম্পানি তাদের তেল ও গ্যাসকূপ খনন কার্যক্রম স্থগিত করেছে।
রিলায়েন্সের কর্মকর্তা জানান, "আমাদের পূর্ব উপকূলীয় কার্যক্রম বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৭৫ মাইল বেগে উপকূলে আঘাত হানে। তবে পূর্বভাসে যে গতিবেগ ও সময়ের কথা জানানো হয়, ঝড়টি তা থেকে বেশ দুর্বল বেগে ঘণ্টা খানেক পরে আঘাত হেনেছে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্ধ্র প্রদেশের গঙ্গাভরম বন্দরের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, লায়লা আঘাত হানার আগেই বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, "আজ দুপুর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বাতাসের গতিবেগের ওপর নির্ভর করবে আমরা কার্যক্রম শুরু করবো কি না।"
তবে ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় লায়লা উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২০ঘ.
bdnews24