২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে এবার ইউটিউব বন্ধ

ফেসবুক বন্ধ করে দেয়ার পর পাকিস্তান এবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

ইসলামাবাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- ফেসবুক বন্ধ করে দেয়ার পর পাকিস্তান এবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ধর্মীয় কটাক্ষপূর্ণ কোনোকিছুর অবতারণা ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ 'পিটিএ' বুধবার মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন ও ছবি আঁকা প্রতিযোগিতা আয়োজনের কারণে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক বন্ধের নির্দেশ দেয়। এর কয়েক ঘন্টা পরই ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। মহানবীর যে কোনো ছবি প্রকাশ অনৈসলামিক এবং মুসলিমরা একে ধর্মীয় কটাক্ষপূর্ণ বলেই মনে করে। নয়াটেল ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াজ-উস-সিরাজ জানিয়েছেন, 'পিটিএ' বুধবার বিকালে অবিলম্বে ইউটিউব বন্ধের নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে এ নির্দেশ পালন করতে বলার পাশাপাশি এ সম্পর্কে তাদের জানাতেও বলা হয়েছে। পাকিস্তানে এর আগেও ইউটিউব বন্ধ হয়েছে। অনৈসলামিক ভিডিও প্রকাশের অভিযোগে এর আগে ২০০৭ সালে প্রায় এক বছরের জন্য ইউটিউব বন্ধ করে দেয়া হয়। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মুখপাত্র খুররাম আলী মেহরান জানিয়েছেন, ধর্মপ্রাণ মুসলিমদের দৃষ্টিতে আপত্তিকর ও ধর্মীয় কটাক্ষপূর্ণ বিষয় ওয়েবসাইটে পোস্ট করা হচ্ছে-- কর্তৃপক্ষ তা টের পাওয়ার পরই ইউটিউব বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯২৯ ঘ.