নিউ ইয়র্ক, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের সর্বত্র যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নেতিবাচক। এমনটাই মনে করে দেশটির দুই-তৃতীয়াংশ নাগরিক।
দি মেরিস্ট কলেজ ইন্সস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়ন পরিচালিত জরিপে এই তথ্য উঠে আসে। বুধবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, অন্তত অর্ধেক নাগরিক মনে করে, বিশ্বে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতা ও প্রভাব কমছে।
৮৫ শতাংশ নাগরিকের ধারণা চীনই ভবিষ্যতের 'সুপারপাওয়ার'। তবে ৭৮ শতাংশ নাগরিকের বিশ্বাস এখনো যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র 'সুপারপাওয়ার'।
তবে দেশটির তরুণপ্রজন্ম বয়স্কদের থেকে কিছুটা এগিয়ে মতামত দিয়েছে, চীন হচ্ছে 'সুপারপাওয়ার'।
দি মেরিস্ট কলেজ ইন্সস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়ন-এর পরিচালক লি মিঙ্গিফ বলেন, "এতে একটি বিষয়ই স্পষ্ট হয়, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্গঠন প্রয়োজন। পাশাপাশি বিশ্বকে ক্ষেপিয়ে দেওয়ার মতো কিছু করা তার ঠিক হবে না।"
তিনি আরো বলেন, "কিন্তু ইতোমধ্যেই বেশকয়েকটি ঘটনা যুক্তরাষ্ট্র ঘটিয়েছে যা তার ভাবমূর্তিকে ভীষণ ক্ষতিগ্রস্ত করেছে।"
বৈশ্বিক অর্থনৈতিক সমস্যায় কেন্দ্রীয় ভূমিকা এবং ইরাক ও আফগান যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে।
মার্চের ২৫, ২৬ ও ২৯ তারিখ টেলিফোনে নেওয়া ৯৫৬ জনের মতামত বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৭ঘ.
bdnews24