কাবুল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে ৪৩ জন আরোহীসহ পামির এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ সোমবার একথা জানিয়েছে।
বিমানটি উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে কাবুলে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল ৮ টায় নিখোঁজ হয়।
আফগানিস্তানের বেসামরিক বিমান সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি রয়টার্সকে বলেন, "আমি নিশ্চিত করছি যে, ৩৮ আরোহী ও পাঁচ ক্রুসহ একটি বিমান সালাং পাস এর কোথাও বিধ্বস্ত হয়েছে।"
সালাং পাস অঞ্চলটি কাবুলের একশ' কিলোমিটার উত্তরে অবস্থিত। এলাকাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার তিনশ' ৫০ ফুট উঁচুতে অবস্থিত।
বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কাবুল ও এর আশেপাশের এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পামির এয়ারওয়েজের প্রতিবেদনে আরোহীদের মধ্যে কিছু সংখ্যক বিদেশি থাকার কথা উল্লেখ করা হয়েছে বলে বাশারি জানান।
ন্যাটো বাহিনী ড্রোন বিমান দিয়ে বিধ্বস্ত বিমানটির অবস্থান শনাক্ত করতে সহায়তা করছে বলেও জানান তিনি।
ন্যাটো বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানটি খুঁজে বের করতে এর মধ্যেই একটি ড্রোন বিমান পাঠানো হয়েছে।
আফগানিস্তানের প্রধান তিনটি বেসরকারি বিমান সংস্থার মধ্যে পামির এয়ারওয়েজ একটি। এটি সাধারণত দেশের মধ্যেই ফ্লাইট পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/ ১৭৪৫ ঘ.
bdnews24