২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় রাজনৈতিক সহিংসতায় নিহত ২৪

সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণায় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রোববার সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:39 AM

Updated : 25 Aug 2022, 10:37 AM

মোগাদিশু, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণায় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রোববার সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সাংসদরা অনাস্থা প্রস্তাব পাস করেছেন বলে স্পিকার শেখ আদেন মাদোবে ঘোষণা দেওয়ার পরপরই এ ঘটনা ঘটে। মানবাধিকার সংস্থা এলমান গ্র"পের ভাইস চেয়ারম্যান আলিইয়াহিন গেডি বলেন, "মৃতের সংখ্যা ২৪ এ দাঁড়িয়েছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ এখনও গোলাগুলি চলছে। মোগাদিশুর হাসপাতালগুলো আহত লোকজনে ভরে গেছে। আমরা যতদূর জানি, এখন পর্যন্ত অন্তত ৫৮ জন আহত হয়েছে।" সংঘর্ষের পর কয়েক শ' পরিবার পালিয়ে গেছে বলেও জানান তিনি। এদিকে টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার বলেন, "পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে ২৮০, সরকারের পক্ষে ছিল ৩০ ভোট এবং ভোট দেননি আটজন সাংসদ। তাই দ্রুত নতুন একটি সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট শেখ শরিফ আহমদকে অনুরোধ করব আমরা।" তবে স্পিকারের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে কিছু সাংসদ জানান, কোনো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। এতে করে ঘটনাটি অস্পষ্ট রয়ে গেছে। সাংসদ শেখ আহমদ ইউসুফ রয়টার্সকে বলেন, "অনাস্থা ভোট গ্রহণের কোনো সুযোগ আমরা তাকে দেইনি। পার্লামেন্টে প্রত্যেক সাংসদ চিৎকার করে তাকে বলছিল, আপনি স্পিকার নন।" এদিকে কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, সত্যিই অনাস্থা ভোট হলেও প্রেসিডেন্ট সম্ভবত সেটিকে গুরুত্ব দেবেন না। বর্তমান প্রশাসন ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে এবং কেন্দ্রীয় ক্ষমতার খুব অল্পই ব্যবহার করছে। তারা আরো জানান, দেশটিতে বিবদমান বিভিন্ন দলকে একত্রিত করতে এবং ২০০৯ সালের জানুয়ারি মাসে নির্বাচনের পর কেন্দ্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতে প্রেসিডেন্ট শেখ শরিফ ব্যর্থ হয়েছেন। কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, নিজ পদে থাকার জন্য কোনো ধরনের অনাস্থা ভোট মাদোবে ও তার সমর্থকদের এক ধরনের কৌশল হতে পারে। গত ডিসেম্বর মাসে আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সদস্যরা পার্লামেন্ট ভবনের ওপর হামলা চালানোর পর রোববারই প্রথমবারের মতো পার্লামেন্টের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩১ঘ.