ভাঙ্কুভার, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বোমা হামলা হুমকিতে শনিবার হংকং থেকে ছেড়ে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের একটি বিমানকে দুটি জঙ্গি বিমানের পাহারায় গন্তব্য কানাডার ভাঙ্কুভারে নিয়ে আসা হয়।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ভাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। তবে বোমা বা সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। যাত্রীদেরও কোনো তি হয়নি।
স্থানীয় গণমাধ্যম ও পুলিশ জানায়, বোমা হামলার হুমকির খবর পাওয়ার পর বিমানটিকে ভাঙ্কুভার দ্বীপের নিকটস্থ একটি সামরিক ঘাঁটি থেকে কানাডার দুটি সিএফ-১৮ হর্নেট পাহারা দিয়ে নিয়ে আসে।
পুলিশ হুমকি সম্পর্কে বিস্তারিত না জানালেও স্থানীয় গণমাধ্যম জানায়, টেলিফোনে ওই হুমকি দেওয়া হয়েছিলো।
এ ঘটনায় জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তার হয়নি। বিমানটি নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামতেও বাধা দেওয়া হয়নি।
বিমান থেকে নামার পর এক যাত্রী কানাডার সিটিভি নিউজকে বলেন, "আমাদের জানানো হয়, কিছু সন্ত্রাসী সমস্যা আছে। মালপত্র আটকে রাখা হবে।"
তবে জঙ্গিবিমানের পাহারায় বিমানটি ভাঙ্কুভারে নিয়ে আসার ঘটনাই টের পাননি আরেক যাত্রী।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "না, আমি জানি না। আমার কাছে এটা খবর।"
এ ঘটনার পর হংকং থেকে ক্যাথের বিমানগুলো সময়মতোই চলাচল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪০২ ঘ.
bdnews24