ইসলামাবাদ, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তালেবান জঙ্গিরা হুঁশিয়ার করে দিয়ে বলেছে, আমেরিকা খুব শিগগিরই পুড়ে ছারখার হবে। একইসঙ্গে আমেরিকার কর্মসূচি অনুসরণ করার জন্য পাকিস্তানের শাসকদেরও উৎখাত করার ডাক দিয়েছে তারা।
১ মে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়ী বোমা হামলা প্রচেষ্টার পেছনে আল কায়েদার সঙ্গে পাকিস্তানি তালেবান জঙ্গিদের যোগসাজশ আছে এবং এরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে মনে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানি তালেবানরা টাইমস স্কয়ারে হামলার চেষ্টার দায় স্বীকার করেছে। এ দাবি সত্য হলে এটি হবে পশ্চিমাদের উপর তাদের প্রথম হামলা প্রচেষ্টা।
রয়টার্সের পাওয়া একটি ভিডিও বার্তায় পাকিস্তানের এক তালেবান মুখপাত্র আবারো হামলা চেষ্টার দায় স্বীকার করেছেন।
তিনি বলেন, "এ পদক্ষেপ এটাই প্রমাণ করে যে, এমন হামলার কথা আমেরিকা কল্পনাও করতে পারেনি ...... এটি ছিল একটি গাড়িবোমা যা বিস্ফোরিত হয়নি।"
"কিন্তু আমেরিকা দেখবে, সব সাম্রাজ্যবাদী শক্তি দেখবে যে, বিস্ফোরণও ঘটবে আর আমেরিকাও পুড়বে।" আজিম তারিক নামের তালেবান মুখপাত্র একটি পাথর খন্ডের সামনে বসে উর্দুতে কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, "আমেরিকার মিত্ররাও একই ভাগ্য বরণ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৪ ঘ.
bdnews24