২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আবারো গুলিবর্ষণ, নিহত ৭

ব্যাংককের রাস্তায় শুক্রবার বিক্ষোভ দমাতে আবারো গুলিবর্ষণ করেছে সেনারা। দুপক্ষের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 06:20 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

ব্যাংকক, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি/রয়টার্স)--- ব্যাংককের রাস্তায় শুক্রবার বিক্ষোভ দমাতে আবারো গুলিবর্ষণ করেছে সেনারা। দুপক্ষের সংঘর্ষে ৭ জন নিহত এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী সুয়ান লুম নৈশ বাজারের কাছে একটি রাস্তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার সময় বিক্ষোভকারীদের পাল্টা আক্রমণের মুখে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। এরাওয়ান জরুরী কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, সহিংসতায় ৬ জন পুরুষ ও ১ জন নারী নিহত এবং ১০১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কানাডীয় সাংবাদিকসহ তিন সাংবাদিক রয়েছে। নির্বাসিত সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ব্যাংককের রাস্তা থেকে সেনা সরিয়ে নিয়ে লাল-শার্টদের সঙ্গে সরকারকে অবিলম্বে আবার আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। ব্যাংককে থাকসিনের আইনি উপদেষ্টার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সরকারের কর্মকাণ্ড স্পষ্টতই অপরাধমূলক এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। যার জন্য প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাই দায়ী। ফলে সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে জারি করা জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে লাল শার্টদের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানান থাকসিন। ব্যাংককের মার্কেট এলাকার অন্ততপক্ষে তিনটি রাস্তায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা শুক্রবার টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছোড়ে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। এএফপি জানায়, গুলির আতঙ্কে অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যায়। ওদিকে, পুলিশের বাস ও সেনাযানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। গুলিতে আহত হয়েছে ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক। এদের একজন কানাডীয় সাংবাদিক ও অন্যজন থাই ফটোগ্রাফার। হাসাপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে চলা বিক্ষোভ-সংঘর্ষে দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিন সাংবাদিকসহ কমপক্ষে ১৮ জন। তিন সাংবাদিকের মধ্যে একজন ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেলের কানাডীয় সাংবাদিক এবং অন্য দুজন থাই সাংবাদিক। লাল শার্টদের বিক্ষোভস্থলের কাছাকাছি লুমপিরি পার্কে অনবরত গুলি চালাচ্ছে সেনারা। পার্কের কাছে রাইফেল হাতে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছে প্রায় ১০০ সেনা। এএফপি'র এক সংবাদদাতা একথা জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী তিন লাল শার্ট বিক্ষোভকারীকে আটক করেছে। সেনাবাহিনীর মুখপাত্র সানশার্ন কাওকুমার্দ বলেছেন, বিক্ষোভস্থলে প্রায় ২ হাজার লাল শার্ট বিক্ষোভকারী অবস্থান নেয়। শুক্রবার সকালে তারা কর্তৃপক্ষকে অস্ত্রের ভয় দেখালে তাদেরকে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়। থাইল্যান্ডে সত্যিকারের গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রকৃত ও গহণযোগ্য একটি সংহতি পরিকল্পনার পথ খুঁজতে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে আহ্বান জানিয়েছেন থাকসিন। তবে থাই সরকার বলছে, তাদের দমনাভিযানের উদ্দেশ্য আন্দোলনকারী নেতাদেরকে সরকারের সঙ্গে আলোচনায় ফিরিয়ে আনা। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রাউইত ওংসন এএফপি কে বলেন, "সেনা অভিযানের লক্ষ্য আলোচনার টেবিলে ফিরে আসতে লাল শার্টদের ওপর চাপ সৃষ্টি করা।" বৃহস্পতিবার লাল শার্টদের বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনী গুলি চালালে চোখে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এছাড়া মাথায় গুলি লেগে গুরুতর আহত হন সরকার বিরোধী দলের নেতৃত্বে থাকা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত এক জেনারেল। দীর্ঘদিন ধরে চলা সরকার বিরোধী এ আন্দোলনে এ নিয়ে ৩০ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। তারপরও আন্দোলন চালিয়ে যওয়ায় অটল রয়েছে লাল শার্টরা। বিক্ষোভকারীদের এক নেতা নাত্তাউত সাইকুয়া বলেছেন, তারা আমাদেরকে কোণঠাসা করে ফেলতে চাইছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। লাল শার্ট বিক্ষোভকারীদের আন্দোলনের গতিধারা : মার্চ ১২- লাল শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককে জড়ো হয়। মার্চ ১৪- দেড় লাখেরও বেশি বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে ব্যাংককের ওল্ড কোয়ার্টারের ফান ফা সেতুর কাছে যায়। মার্চ ১৭- 'গণতন্ত্রের জন্য বিসর্জন' এর ইঙ্গিত হিসেবে বিক্ষোভকারীরা নিজেদের রক্তে ভর্তি বোতল প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয়ের বাইরে ছোঁড়ে। মার্চ ২৯- টেলিভিশনে সরকার ও বিক্ষোভকারীদের নেতাদের মধ্যে দুদিন ধরে চলা আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়। লাল শার্ট বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এপ্রিল ৩- শপিং মল ও হোটেলে ঘেরা ব্যাংককের রাচাপ্রাসং এলাকা দখল করে নেয় বিক্ষোভকারীরা। এপ্রিল ৬- সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ৯০ হাজার বিক্ষোভকারী পিকআপ ট্রাক ও মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা বের করে। এপ্রিল ৮- বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে যাওয়ার চেষ্টা করলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এপ্রিল ৯- লাল শার্ট বিদ্রোহীরা পাথুুম থানিতে থাইকম স্যাটেলাইট আর্থ স্টেশন দখল করে নেয়। এপ্রিল ১০- ফান ফা ব্রিজের কাছে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করায় দুদলের সংঘর্ষে ২৫ জন নিহত এবং ৮শ' এরও বেশি আহত হন। গত ১৮ বছরের মধ্যে এটিই ছিল দেশটিতে সংগঠিত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। এপ্রিল ১৪- লাল শার্ট বিক্ষোভকারীরা রাচাপ্রাসং এর এক পাশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এপ্রিল ১৬- পুলিশ কমান্ডাররা হোটেলে তল্লাশি চালানোর চেষ্টা করলে সেখানে থাকা লাল শার্ট বিক্ষোভকারীদের চার নেতা পালিয়ে যায়। এপ্রিল ২২- ব্যাংককের সিলম এলাকায় সরকার পক্ষের সমর্থকদের লক্ষ করে পাঁচটি এম-৭৯ গ্রেনেড হামলা চালানোয় এক নারী নিহত এবং ৭০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি আহত হয়। এপ্রিল ২৮- ব্যাংককের শহরতলীর এক মহাসড়কে নিরাপত্তা রক্ষীরা একটি শোভাযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করায় সৃষ্ট সংঘর্ষে এক সেনা নিহত এবং প্রায় ২০ বিক্ষোভকারী আহত হন। মে ৩- প্রধানমন্ত্রী অভিজিত আগামী ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত ৫ দফা পুনর্গঠন ও সংস্কারের অঙ্গীকার ঘোষণা করেন। মে ৪- বিক্ষোভকারীরা জানায়, তারা প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু তারা নির্বাচনের তারিখের বিরোধিতা করে। মে ৭- সিলম এলাকায় বন্দুক ও গ্রেনেড হামলায় দুই পুলিশ নিহত এবং ১০ পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন আহত হয়। মে ১১- বিক্ষোভকারীরা জানায়, তারা প্রধানমন্ত্রীর শান্তি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে। তবে তারা আরো কিছু বিষয় এতে যোগ করতে বলে যা প্রত্যাখ্যান করে সরকার। মে ১২- নভেম্বরের ১৪ তারিখে নির্বাচন অনুষ্ঠানের প্ররিকল্পনা বাতিল করে প্রধানমন্ত্রী অভিজিত লাল শার্ট বিক্ষোভকারীদের মধ্য রাতের মধ্যে বিক্ষোভ বন্ধ করে এলাকা ত্যাগের নির্দেশ দেন। তা না করলে কঠোরভাবে বিক্ষোভ দমনে ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/বিসিএস/এলকিউ ২২৩০ঘ.