২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে মন্ত্রিসভার প্রথম বৈঠক, মন্ত্রীদের বেতন কমছে

ব্রিটেনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সভাপতিত্বে বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হয়েছে। রেকর্ড বাজেট ঘাটতি কমাতে বৈঠকে সব মন্ত্রীর বেতন ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 01:42 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

লন্ডন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ব্রিটেনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সভাপতিত্বে বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হয়েছে। রেকর্ড বাজেট ঘাটতি কমাতে বৈঠকে সব মন্ত্রীর বেতন ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটেনে সবচেয়ে উর্ধ্বতন মন্ত্রীরা ১৪০,০০০ পাউন্ড (২০৬,৮০০ডলার) এর বেশি বেতন পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী ক্যামেরন এর আগে দেশের অর্থনৈতিক মন্দা ও বাজেট ঘাটতি সামলানোয় দৃঢ়আস্থা প্রকাশের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে বেতন কমানোর এ সিদ্ধান্ত এল। ঐতিহাসিক জোট সরকারের শরিক দল কনজারভেটিভ ও লিব ডেম থেকে নির্বাচিত মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উপ-প্রধান মন্ত্রী নিক ক্লেগ তার দলের অপর চার মন্ত্রীকে নিয়ে ব্রিটেনে 'নতুন রাজনীতি' শুরুর অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটের এ বৈঠকে অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে প্রথম এ জোট সরকারের প্রধান কর্মসূচি হয়ে উঠেছে রেকর্ড বাজেট ঘাটতি দূর করে দীর্ঘ মেয়াদী মহামন্দার প্রভাব থেকে দেশকে উদ্ধার করা। এ লক্ষ্যে সরকারকে ৫০ দিনের মধ্যে জরুরি বাজেট প্রণয়ন করতে হবে। অর্থবাজারগুলো ঘাটতি কাটাতে সরকারের আশু ব্যবস্থা গ্রহণ ও তা বাস্তাবায়নের দিকে চেয়ে আছে। বৈঠকের পর সংস্কৃতি মন্ত্রী জেরেমি হান্ট সাংবাদিকদের বলেন, "আমরা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত সজাগ। ঘাটতি কমাতে আমরা বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে না পারলে বাজারের আস্থা এবং সর্বপোরি দেশের আস্থা অর্জন করতে পারব না।" ওদিকে, ডাউনিং স্ট্রিটে নিক ক্লেগের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, "আমরা একটি নতুন রাজনীতি ঘোষণা করতে যাচ্ছি । যেখানে দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হবে।" এটি ব্রিটেনের রাজনৈতিক নেতৃত্বে এক ঐতিহাসিক ও ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে জর্জ ওসবর্ন অর্থ মন্ত্রণালয়, উইলিয়াম হগ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লিয়াম ফক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে লিব ডেমের পক্ষ থেকে উপপ্রধান মন্ত্রী নিক ক্লেগের সঙ্গে ভিন্স ক্যাবল বাণিজ্য মন্ত্রণালয়, ক্রিস হুনে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৪ ঘ.