লন্ডন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের জোট সরকার কয়েক দশকের অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
পাশাপাশি এ সরকার আগামী ৫ বছর টিকে থাকার জন্য যথেষ্ট যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ দেশটির জিডিপির ১১ শতাংশের বেশি বাজেট ঘাটতি দূর করার পথ খুঁজে বের করা।
প্রধানমন্ত্রী বলেন, "আধুনিক সময়ে কোনো সরকারকেই এমন ভয়াবহ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হতে হয়নি। আমরা জানি সামনে জটিল সিদ্ধান্ত অপেক্ষা করছে।"
সংবাদ সম্মেলনে নতুন উপপ্রধান মন্ত্রী নিক ক্লেগ বলেন, "আমাদের প্রয়োজন পুরোনো অর্থনীতির ধ্বংসাবশেষ থেকে ব্রিটেনকে বের করে নতুন টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানো।"
নতুন চ্যান্সেলর জর্জ ওসবোর্ন সাংবাদিকদের বলেন, "কাঠামোগত বাজেট ঘাটতি কমানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ গতি আসতে যাচ্ছে।"
নতুন পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হগ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে ওয়াশিংটনে আলোচনায় বসতে পারেন। হগ কনজারভেটিভ দলের সাবেক উপনেতা ছিলেন।
৬ মে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি সর্বোচ্চ আসন পায়। ১২ মে ক্যামেরনের দল নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসনে জয়ী লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠন করে। এর ফলে গত ১৩ বছর ধরে চলা লেবার পার্টির শাসন অবসান হয়।
১৯৪৫ সালের পর এবারই প্রথম ব্রিটেনে জোট সরকার গঠিত হলো। আর ৪৩ বছর বয়সী ক্যামেরন ব্রিটেনের প্রায় ২শ' বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
কর, অভিবাসন ও পারমাণবিক অস্ত্রের মতো বিভিন্ন বিষয়ে জোটবদ্ধ দুই দলের নীতিগত বিশাল পার্থক্য থাকলেও নতুন এ সরকার জানিয়েছে, তারা স্থিতিশীল ও টেকইস একটি কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছে। চলতি অর্থ বছরে ৬ শ' কোটি পাউন্ড ব্যয় কমাতে কনজারভেটিভ দলের যে পরিকল্পনা ছিল জোট সরকারও সেটা গ্রহণ করেছে।
সরকারের অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে, ব্যাংকিং খাতে কর ধার্য, খুচরা ও বিনিয়োগী ব্যাংকিংকে আলাদা করার সম্ভাবনা যাচাই করতে কমিশন গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতার স্বল্পকালীন হুমকি মোকাবিলায় ব্যাংক অব ইংল্যান্ডকে সরাসরি ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার পরিকল্পনা, অব্যবসায়ী মূলধনকে আয়করের অধীনে আনা এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অভিবাসনকে নিয়ন্ত্রনে রাখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫১ঘ.
bdnews24