ব্রাসেলস, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেইসঙ্গে তারা নতুন এ নেতাকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইইউকে সহায়তা করারও আহ্বান জানিয়েছে।
তবে কট্টর-ডানপন্থি কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরনের ক্ষমতাসীন হওয়া নিয়ে অনেক ইউরোপীয় নেতাই শঙ্কায় ছিলেন। কারণ ২৭ দেশের সংগঠন ইইউ'র প্রতি কনজারভেটিভদের দৃষ্টিভঙ্গি লেবার পার্টির চেয়েও নেতিবাচক। দলটি লিবারেল ডেমোক্রেটদের সঙ্গে জোট করে ক্ষমতাসীন হয়েছে।
ইইউ'র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসা বলেন, কঠিন সময়ে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি হতে হবে ক্যামেরন সরকারকে। তবে তিনি আত্মবিশ্বাসী মানুষ, অর্থনৈতিক সঙ্কট থেকে তিনি ব্রিটেনকে বের করে সঠিক পথে পরিচালিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাও স্থিতিশীল রাখতে পারবেন।
তিনি অভিনন্দন বার্তায় লিখেন, "যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার আছে। অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠা, বিশ্ব থেকে দারিদ্র্য মুক্তির লড়াই, জলবায়ুর পরিবর্তন রোখার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা..এসবই ইউরোপীয় ইউনিয়নের সব দেশগুলোর উদ্বেগের বিষয় এবং প্রয়োজন নানা পদক্ষেপেরও।"
তিনি জানান, এসব বিষয় ছাড়াও অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে তিনি ক্যামেরনের সঙ্গে এক যোগে কাজ করার অপেক্ষায় আছেন।
অনেকেই ভাবছেন, ক্যামেরন ইইউ এ ব্রিটেনের স্বার্থই বেশি করে দেখবেন। তবে ইইউ কর্মকর্তাদের মতে, ইইউ'র সঙ্গে সহযোগিতা করলেই তিনি বেশি লাভবান হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪৬ ঘ.
bdnews24