সান্টিয়াগো, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির মার্কিন দূতাবাসে বিস্ফোরকসহ এক পাকিস্তানি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার তাকে সন্ত্রাস-বিরোধী আইনের আওতায় আটক রাখার নির্দেশ দিয়েছেন চিলির এক বিচারক।
রাজধানী সান্তিয়াগোর মার্কিন দূতাবাস থেকে সোমবার ওই পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তথ্য মতে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ সাঈফ-উর রহমান খান।
পুলিশ সূত্র জানায়, তার কাছে টেট্রিল বিস্ফোরক পাওয়া গেছে। টেট্রিল হচ্ছে একটি বিস্ফোরক মিশ্রণ, যা বিস্ফোরণ ঘটাতে সহায়তা করে। আটক ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র ও মোবাইল ফোন থেকে তার কাছে বিস্ফোরক চিহ্নের খোঁজ মেলে।
চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২৮ বছর বয়সী সাইফ গত চার মাস ধরে চিলিতে ছাত্র হিসাবে অবস্থান করছে। সাইফকে মার্কিন দূতাবাসে ডাকা হয়েছিল, তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার কথা জানাতে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ১ মে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে ব্যর্থ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার পাকিস্তানি বংশোদ্ভূত ফয়সল শাহজাদের সঙ্গে সাঈফের কোনও রকম যোগ আছে কি-না, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
ওই কর্মকর্তা বলেন, "আমাদের হাতে যে তথ্য ছিল তার উপর নির্ভর করেই আমরা তার ভিসা বাতিল করেছি।"
তবে তিনি এর পেছনের কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করে বলেন, "যখন আমরা কোনও পদপে নেই, তখন তাকে জানানোটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এজন্য আমরা তাকে ডেকেছিলাম।"
দর্শনার্থী প্রবেশের সময় দূতাবাসের নিয়ম মাফিক তল্লাশি যন্ত্রে সাঈফের কাপড়ে বিস্ফোরক চিহ্ন ধরা পড়ে। পরে তাকে চিলির পুলিশ এসে গ্রেপ্তার করে। ওয়াশিংটনে দৈনন্দিন সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি একথা জানান।
ক্রাউলিকে তখন জিজ্ঞেস করা হয়, এ রকম কাজে বিস্ফোরক বহনের যৌক্তিকতা কী হতে পারে? জবাবে ক্রাউলি বলেন, বিষয়টা আমরা দেখব।
সাঈফ অবশ্য কোনও ধরনের অনৈতিক কিছু করার কথা অস্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।
তিনি রয়টার্সকে বলেন, "বোমার সঙ্গে আমার কোনও যোগ নেই। সন্ত্রাসীদের সঙ্গেও আমার সংশ্রব নেই। আমি এটা বহন করিনি। আমি একজন সোজা সাপ্টা মানুষ। কাজ করে খাই। আমি এখানকার একজন ছাত্র। আমি একটা হোটেলে শিানবিসী করছি।"
তিনি আরও বলেন, "ইরাক ও আফগানিস্তানে ওরা (যুক্তরাষ্ট্র) যা করেছে এবং করছে তার লজ্জা আর অপরাধ বোধ ঢাকতে চাইছে তারা। আমি কোনও ধরনের রাসায়নিক নিয়েই কিছু করিনি। সারা জীবনেও আমি এ রকম কিছু দেখিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24