ত্রিপোলি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- লিবিয়ার ত্রিপোলি বিমানবন্দরে বুধবার একটি বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রু মিলিয়ে ১০৩ জন নিহত হয়েছে। তবে বেঁচে গেছে এক ডাচ শিশু।
লিবিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
লিবিয়ার আফ্রিকিয়া এয়ারলাইন বিমানটি পরিচালনা করার কথা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে যাত্রা করে বিমানটি ত্রিপোলি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
লিবিয়ার এক নিরাপত্তা সূত্র ত্রিপোলি বিমানবন্দরে রয়টার্সকে জানিয়েছে, একটি মাত্র শিশু ছাড়া বিমানটির আর সব যাত্রী ও ক্রু নিহত হয়েছে। বিমানটিতে মোট ৯৩ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিল। ক্রুরা সবাই লিবিয়ার নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যাত্রী আর ক্রু মিলিয়ে মোট ২২ জন লিবীয় নিহত হয়েছে। আর বাদবাকীরা বিভিন্ন দেশের নাগরিক। লিবিয়ার বিমানবন্দরের এক কর্মকর্তা একথা জানান।
লিবিয়ার পরিবহনমন্ত্রী মোহাম্মদ জিদান বলেন, অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি ১০ বছরের একটি বালক। তার ডাচ পাসপোর্ট আছে। শিশুটিকে ত্রিপোলির হাসপাতালে নেওয়া হয়েছে।
এ মুহূর্তে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি নিরাপত্তা কর্মকর্তারা। তবে জিদান জানান, শিশুটি মারা যাওয়ার মতো গুরুতর আহত হয়নি।
আফ্রিকিয়া এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আমাদের '৮ইউ৭৭১' ফ্লাইটটি ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, স্থানীয় সময় সকাল ৬ টায় বিমানটি বিধ্বস্ত হয়।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র নমফানেলো কোটা জানান, "আমরা জানতাম একটি বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত রাতে এটি জোহানেসবার্গ ছেড়ে যায়। বিমানটির গন্তব্য ছিল লিবিয়া।"
ডলবিয়ার টেলিভিশনে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আফ্রিকিয়া এয়ারওয়েজের এয়ারবাস এ৩৩০ এর ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে জরুরি উদ্ধারকর্মী দল।
ইমা প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপি কে জানান, অবতরণের সময় বিস্ফোরিত হয়ে বিমানটি সম্পূর্ণ খন্ডবিখন্ড হয়ে গেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো পরিস্কার কিছু জানা যায়নি। জোহান্সবার্গ বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, বিমানটি রানওয়ে থেকে একমিটার দূরে বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এএফপির সংবাদদাতা জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ চোখে পড়লেও তেমন কোনো ধোঁয়া দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/১৩২৮ঘ.
bdnews24