সিডনি, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৩০০ সালের মধ্যে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয়ে মানুষ বাসের অনুপযোগী হয়ে দাঁড়াবে।
জলবায়ুর পরির্তন মাত্র তিন শ' বছরের মধ্যে পৃথিবীর বেশির ভাগ জায়গায় উষ্ণতা এতটাই বাড়িয়ে দেবে যা মানুষের সহ্যাতীত হবে।
মঙ্গলবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকরা একথা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের পারড্যু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পান যে, বিশ্বের কিছু স্থানের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে করে মানুষ ওই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিংবা টিকে থাকতে পারবে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস'- এ প্রকাশিত এ প্রতিবেদনে গবেষকরা বলেন, বৈশ্বিক উষ্ণতা সাত ডিগ্রি সেলসিয়াস (১৩ ফারেনহাইট) বাড়তে শুরু করলে কিছু কিছু অঞ্চলে মানব বসবাসের উপযোগিতা প্রশ্নের সম্মুখীন হবে। আর উষ্ণতা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিশ্বের আরো বহু অঞ্চল মানুষ বাসের অযোগ্য হয়ে উঠবে।
গবেষক অধ্যাপক স্টিফেন শেরউড জানান, চলতি শতকে পৃথিবীতে উষ্ণতা সাত ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা নেই। তবে যেভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, তাতে করে ২৩০০ সালের মধ্যে সমস্যা দেখা দিতে পারে।
দীর্ঘ মেয়াদে উষ্ণতা বাড়ার এ সম্ভাবনা ৫০/৫০ বলে জানান গবেষকরা।
দীর্ঘদিন ধরে জলবায়ুর পরিবর্তন নিয়ে গবেষণা করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। আদ্রতা বেড়ে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্মিলিত ফল হিসাবে 'প্রচণ্ড উত্তাপ' সৃষ্টির বিষয়টিই খতিয়ে দেখা হয়েছে এ গবেষণায়।
শেরউড জানান, জলবায়ুর পরিবর্তন নিয়ে স্বল্পমেয়াদী গবেষণাই করা হয়েছে বেশি। কিন্তু দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের কুপ্রভাব খতিয়ে দেখা হয়নি।
তিনি এএফপিকে বলেন, "এদিকেও নজর দেওয়া জরুরি। কারণ, আগামী দু' দশকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে আমরা হয়তো তেমন কিছুই করতে পারব না। কিন্তু দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তন রুখতে আমরা এখনো অনেক কিছু করতে পারি।"
অস্ট্রেলিয়ার গবেষকরা এক মন্তব্যে বলেন, ২১০০ সালেও জলবায়ু পরিবর্তন থামবে না।
প্রফেসর টনি ম্যাকমাইকেল বলেন, ২৩০০ সাল নাগদ ১২ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়েও বেশি তাপমাত্রা বৃদ্ধির মুখে পড়তে হবে আমাদেরকে। আর এমন হলে পৃথিবীর বেশিরভাগ অংশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠায় তা মানুষ বাসের অযোগ্য হয়ে দাঁড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24