২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রধানের পদ ছাড়ছেন ব্রাউন

ব্রিটেনের নির্বাচনে পরাজয়ের পর লেবার পার্টিকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন গর্ডন ব্রাউন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 07:38 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ব্রিটেনের নির্বাচনে পরাজয়ের পর লেবার পার্টিকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন গর্ডন ব্রাউন। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরদিন মঙ্গলবারই লিবারেল ডেমোক্র্যাটের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে লেবার পার্টির। লেবার পার্টির আলোচকরা ক্ষমতা ভাগাভাগি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য এই প্রথম লিবারেল ডেমোক্র্যাটের সঙ্গে বৈঠক করলো। এর আগে গত সপ্তাহ থেকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি সরকার গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে লিবারেল নেতা নিক ক্লেগের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার রাত থেকে লেবার ও লিবারেল ডেমোক্র্যাট আলোচনা শুরু হয়। ৬ মে অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করায় তৃতীয় দল লিবারেল ডেমোক্র্যাট রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পার্টির একটি সূত্র জানায়, মঙ্গলবার সমঝোতা চুক্তির সম্ভাবনা আছে। সোমবার ব্রাউন পদত্যাগের ঘোষণা দেওয়ার দিনই লিবারেল ডেমোক্র্যাটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির আলোচনা শুরু হতে পারে বলে জানা যায়। সেপ্টেম্বরের মধ্যে তিনি পদত্যাগ করবেন। ব্রাউনের পদত্যাগের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন লিবারেল নেতা নিক ক্লেগ। দুপক্ষের মধ্যে সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগি চুক্তির জন্য এটা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। ব্রাউন লেবার পার্টির প্রধান থাকলে তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে যাবেন না বলে নির্বাচনের আগে ইঙ্গিত দিয়েছিলেন ক্লেগ। ক্লেগ বলেন, "স্থিতিশীল একটি সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার পথে ব্রাউনের এ ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।" তিনি আরও বলেন, "ব্যক্তিগতভাবে একথা বলা তার জন্য অবশ্যই খুবই কঠিন ছিল।" মধ্য বামপন্থি লিবারেল ডেমোক্র্যাটের সঙ্গে লেবার পার্টির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩০ঘ.