ব্যাংকক, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা সোমবার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নতুন দাবি জানিয়েছে। সরকারকে এপ্রিলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জন নিহতের ঘটনার দায় স্বীকার করতে হবে বলে দাবি তুলেছে তারা।
লাল শার্টদের এ নতুন দাবিতে দুই মাস ধরে চলা থাইল্যান্ডের রাজনৈতিক অচলাবস্থা আরো জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
লাল শার্ট বিক্ষোভকারীরা বলেছে, তারা ব্যাংককের বাণিজ্যিক এলাকা ছেড়ে দেওয়ার আগে উপ প্রধানমন্ত্রী সুথেপ থাকসুবানের বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি মামলা দায়ের করতে হবে।
বিক্ষোভকারীদের নেতা নাত্তায়ুত সাইকুয়া সমর্থকদের উদ্দেশে বলেন, সুথেপ পুলিশ মোতায়েন করলেই লাল শার্টরা ছত্রভঙ্গ হয়ে ঘরে ফিরে যাবে এমন সম্ভাবনা নেই।
তিনি বলেন, সরকার তা কখনো করবে না। কারণ, তারা তা করলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার আশ্রয় নেওয়ার দায় স্বীকার করতে হবে তাদেরকে।
এপ্রিলের সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহতের ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন উপ প্রধানমন্ত্রী সুথেপ।
নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিতে গত দু'মাস ধরে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তাদের এ বিক্ষোভ বন্ধ করতে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা সেপ্টেম্বরে পার্লামেন্ট ভেঙে দিয়ে ১৪ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে 'রোডম্যাপ' ঘোষণা করে।
লাল শার্ট বিক্ষোভকারীরা রোডম্যাপ নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর কথা বললেও তাদের এ নতুন দাবিতে থাইল্যান্ডে অচলাবস্থা নিরসন খুব শিগগির সম্ভব নয়।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে দায়েরকৃত মামলার জবাব দিতে এবং সরকারের কাছে সাধারণ ক্ষমা চাওয়ার প্রচারণা প্রত্যাখ্যান করতে লাল শার্ট নেতারা ১৫ মে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১২ ঘ.
bdnews24