২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে নির্বাচনী সহিংসতায় নিহত ১০

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে সোমবার সহিংসতায় ১০ জন নিহত হয়েছে। ভোট গণনা যন্ত্রের সমস্যা দ্বিধা-দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দেশের প্রথম স্বয়ংক্রিয় ব্যালটের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ম্যানিলা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে সোমবার সহিংসতায় ১০ জন নিহত হয়েছে। ভোট গণনা যন্ত্রের সমস্যা দ্বিধা-দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দেশের প্রথম স্বয়ংক্রিয় ব্যালটের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বলছে, দেশের প্রথম স্বয়ংক্রিয় ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সফল হয়েছে। ফিলিপাইনের রাজনীতিতে চলমান সহিংসতার সঙ্গে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনার সমস্যা যোগ হওয়ায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ পরিসংখ্যান অনুযায়ী, ভোটের দিন ৮ জনসহ গত চার মাসে নির্বাচন সংক্রান্ত সহিংসতায় নিহতের সংখ্যা ৩৮ এ দাঁড়িয়েছে। সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবার নির্বাচনে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ব্যালট মেশিনের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে কয়েকটি মেশিনে সমস্যা দেখা দেওয়ায় ভোটারদের দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগালের উত্তরসূরী নির্বাচনের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির বিভিন্ন ভোট কেন্দ্রে স্বয়ংক্রিয় ব্যালট মেশিনে গোলযোগ দেখা দেওয়ায় ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যালট মেশিনে সমস্যার কারণে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনিগনো 'নোইনোই' অ্যাকুইনো ভোট দিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট না দিয়েই অনেকে চলে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে অপরীক্ষিত ও নতুন স্বয়ংক্রিয় ভোটগ্রহণ পদ্ধতি ব্যবহারকে বিরাট ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। স্বয়ংক্রিয় ব্যালট মেশিনের অথবা নতুন ভোটদান পদ্ধতি সম্পর্কে মানুষকে যথাযথ ভাবে সচেতন না করায় নির্বাচনে বিরোধপূর্ণ ফলাফল বয়ে আনতে পারে। ভোট দিয়ে বেরিয়ে এসে অ্যাকুইনো বলেন, "খুব ধীর গতিতে ভোটগ্রহণ চলছে। ভোট দিতে আমার দুই ঘণ্টা লেগেছে। এই ভোট কেন্দ্রে ১ শ' ভোট পড়েছে বলে আমার ধারণা।" তিনি আরও বলে, "এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা ধারণা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/বিসিএস/১২২৮ঘ.