ফ্রাঙ্কফুর্ট/মিলান, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগ্নেয়গিরির ছাই মেঘে শনিবার শত শত ফ্লাইট বাতিলের পর রোববার পুনরায় ইতালি ও জার্মানির বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।
তবে পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া ও ব্রিটেনের কিছু কিছু অঞ্চলে এখনও বিমান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সন্ধ্যায় জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখ বিমানবন্দর, স্টুটগার্ট ও আরও কিছু আঞ্চলিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। সেইসঙ্গে জার্মানির এয়ার ট্রাফিক সংস্থা ডিএফএস জানিয়েছে, সোমবার জার্র্মানির বিমান পথ ছাই মেঘে আক্রান্ত হবে না বলে তারা আশা করছে।
ইতালির বিমানবন্দরগুলোও রোববার একে একে খুলে দেওয়া হয় বলে জানায় দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ ইনাক।
তবে অস্ট্রিয়ান বেসামরিক বিমান সংস্থা অস্ট্রো কন্ট্রোল জানিয়েছে, তারা তাদের দেশের বেশিরভাগ বিমানবন্দরই সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখবে। একইভাবে ব্রিটিশ বিমান সংস্থা ন্যাটস জানিয়েছে, স্কটিশ দ্বীপের বিমানক্ষেত্র রোববারও বন্ধ থাকবে।
এপ্রিলের মাঝামাঝি সময়ে আইসল্যান্ডের আগ্নেয়গিরি ইজাফজাল্লাজকুল থেকে ব্যাপকভাবে ধোঁয়া ও ছাই উদগীরণের ফলে ইউরোপের আকাশ ছেয়ে যায়। এর ফলে পুরো ইউরোপের বিমান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক লাখের মতো ফ্লাইট বাতিল করতে হয়। বিমানবন্দরে আটকে থাকেন লাখ লাখ যাত্রী।
বার্সেলোনাসহ স্পেনের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি বিমানবন্দর রোববার পুনরায় খুললেও স্প্যানিশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, ছাই মেঘের দিক পাল্টে যাওয়ায় তারা নতুন করে সাতটি বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিমান বন্দরগুলো হল- অস্তারিয়াস, সান্তান্দার, বিলবাও, সালামাঞ্চা, ভায়াদলিত, লিও ও বুর্গোস।
নতুন করে ছাই মেঘ ফিরে আসায় রোববার রাতে দেশের পশ্চিমাঞ্চলীয় বিমানবন্দরে বিধি নিষেধের চিন্তা ভাবনা করছে আয়ারল্যান্ডের বিমান কর্তৃপক্ষ।
পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর বিমানবন্দরে শনিবার দেড়শ'রও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সেইসঙ্গে বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে।
ফ্রান্সের আকাশ খোলা থাকার পরও প্যারিসের বিমানবন্দর থেকে ইউরোপের দক্ষিণাঞ্চলে যাওয়ার ত্রিশটি ফ্লাইট বাতিল করেছে দেশটি।
আগ্নেয়গিরির ক্ষতিকারক এ ছাই মেঘ বিমানের ভেতরে ঢুকে ইঞ্জিন বিকল করে দিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪২১ঘ.
bdnews24