মস্কো, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসিদের পতনের ৬৫ তম বার্র্ষিকী উদযাপন উপলক্ষে রোববার মস্কোর রেড স্কয়ারের সেনা কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশ নিয়েছে ন্যাটো বাহিনী।
স্ট্যালিনের আমল থেকে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন আনুষ্ঠানে এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড ও ফ্রান্সের সেনা সহযোগে এগারো হাজার রুশ সেনা এ কুচকাওয়াজে অংশ নেয়।
সোভিয়েত আমল শেষ হওয়ার পর রাশিয়ায় আয়োজিত সবচেয়ে বড় এ সেনা কুচকাওয়াজে উপস্থিত হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পরাশক্তিগুলোর ঐক্য প্রত্যাশা করেন। একইসঙ্গে ন্যাটো বাহিনীকে কুচকাওয়াজে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন তিনি।
বিরোধীদল কমিউস্টি পার্টি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সোভিয়েত বাহিনীর কিছু প্রবীণ সেনা মেদভেদেভের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
মেদভেদেভ তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে সহনশীলতার ভিত্তিতে ঐক্যের শিক্ষা দিয়েছে ।"
সন্ত্রাসী হামলার হুমকি মোকাবেলায় ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ঐক্য এখন জরুরি বলে জানান তিনি।
মেদভেদেভ বলেন, "আজ রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো এবং জোটশক্তির সেনারা একযোগে এক সারিতে কুচকাওয়াজ করবে। এ ঘটনা বিশ্বশান্তি রক্ষায় আমাদের সম্মিলিত প্রস্তুতিরই প্রমাণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৫ ঘ.
bdnews24