ব্যাংকক, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিয়ানমারের বহুল প্রতীক্ষিত নির্বাচনের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। শীর্ষ মার্কিন কূটনীতিক কুর্ট ক্যাম্পবেল রোববার ব্যাংককে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।
তবে মিয়ানমারকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ক্ষমতাসীন জান্তার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি নিশ্চিত করেছেন।
সাংবাদিক সম্মেলনে কুর্ট ক্যাম্পবেল বলেন, মিয়ানমাওে যে নির্বাচনী আইন এবং পরিবেশ সৃষ্টি তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা সন্তুষ্ট না।
তিনি আরো বলেন, কিছু প্রশ্নের বিষয়ে আমরা পরিষ্কার জানতে চাইবো। এছাড়া সামগ্রিক বিষয়ে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার জন্য আমরা জান্তা সরকারকে আহ্বান জানাবো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রধান কুর্ট ক্যাম্পবেল রোববার মিয়ানমার সফরে যাবেন। সাবেক বার্মার গৃহবন্দী বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য তিনি মিয়ানমার যাচ্ছেন।
শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী সু চি দীর্ঘদিন ধরে গৃহবন্দি রয়েছেন।
এ বছরেই মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ এখনো ধার্য করা হয়নি।
অনেক বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন।
গত পাঁচ দশক ধরে মায়ানমারে সামরিক শাসন অব্যাহত রয়েছে।
মিয়ানমারে এ বছর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রণীত বিতর্কিত নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নিবন্ধন না করায় ১৯৯০ সালে নির্বাচনে বিজয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) কার্যত শুক্রবার বিলুপ্ত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৫৫৬ ঘ.
র্
bdnews24