২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সাথে বৈঠক করবেন ক্যাম্পবেল

যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ইয়াংগুন, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্পবেল মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করবেন। তিনি আগামী দু দিনের মধ্যে মিয়ানমার সফরে যাবেন বলে শনিবার এক কূটনীতিক জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রধান ক্যাম্পবেল মিয়ানমারের সামরিক জান্তার সাথে বৈঠক করার জন্য রোববার দেশটির নতুন রাজধানী নেপিদো যেতে পারেন। আশা করা হচ্ছে, পরদিন তিনি সু চি ও বিরোধীদলীয় রাজনীতিবীদদের সাথে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, যদি মিয়ানমারের জান্তা সু চির সাথে বৈঠক করার অনুমতি দেয় তবেই ক্যাম্পবেল মায়ানমার সফরে যাবেন। শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী সু চি দীর্ঘদিন ধরে গৃহবন্দি রয়েছেন। মিয়ানমারে এ বছর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রণীত বিতর্কিত নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে নিবন্ধন না করায় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) কার্যত শুক্রবার বিলুপ্ত হয়ে গেছে। একজন এশীয় কূটনীতিক নাম না প্রকাশ করার শর্তে শনিবার রয়টার্সকে বলেন, "ক্যাম্পবেলের মিয়ানমার সফর এনএলডি ও জান্তার মধ্যে সম্পর্কের পরিবর্তন ঘটানোর মত তেমন কোন আশানুরূপ ফল বয়ে আনবে বলে আমি মনে করি না।" তিনি আরও বলেন, "আমি মনে করি এনএলডি থাকুক বা না থাকুক জান্তা নির্বাচন করবে। ক্যাম্পবেলের শুধু একটিই করণীয় আছে। আর সেটি হলো, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জান্তার প্রতি আহ্বান জানানো।" ব্যাংককের মার্কিন দূতাবাস ক্যাম্পবেলের ম্যানিলা সফর নিয়ে বিবৃতি দিলেও মায়ানমার সফর সম্পর্কে কিছু উল্লেখ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৯৫৯ ঘ.