২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালের জঙ্গি সংশ্লিষ্টতা তদন্ত করছে পাকিস্তান

নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত পাকিস্তানি মার্কিন নাগরিক শাহজাদ ফয়সালের তালেবান জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 01:43 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ইসলামাবাদ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে বোমা হামলার চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত পাকিস্তানি মার্কিন নাগরিক শাহজাদ ফয়সালের তালেবান জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক শনিবার একথা বলেছেন। মালিক জানান, ফয়সালের তালেবান সংশ্লিষ্টতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে গোয়েন্দা সংস্থা এ তদন্ত করছে। তিনি সাংবাদিকদের বলেন, "ফয়সালের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফয়সাল পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি আস্তানায় গিয়ে জঙ্গি নেতা ক্বারি হুসেইন ও হাকিমউল্লাহ মেহসুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।" এ অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন বলে তিনি জানান। মেহসুদ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান'র প্রধান এবং হুসেইন আত্মঘাতী হামলাকারীদের পরামর্শদাতা। নিউইয়র্কে গত শনিবার বোমা হামলার ব্যর্থ চেষ্টা চলে। এর পরদিন পাকিস্তানি তালেবান এর দায়িত্ব স্বীকার করে। তবে বৃহস্পতিবার তালেবানের এক মুখপাত্র শাহজাদের সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৯৩৯ ঘ.